তাসকিনের হতাশা

বাংলাদেশ দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ। ফর্ম হারিয়ে বাজে সময় পার করে নিজেকে নিয়েছেন অন্য উচ্চতায়। তাসকিনকে নিয়ে তাই সবার আগ্রহ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পেসারদের দাম চড়া। এই তালিকায় ছিলেন এই টাইগার পেসারও।
এ নিয়ে তিনবার আইপিএলে খেলার সুযোগ এসেছে তার। গত দুই আসরের মতো এবারও তাকে চায় দুটি দল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিবে না বলে জানিয়ে দেওয়ায় আর যাওয়া হচ্ছে না তাসকিনের। তাই তো কিছুটা হতাশ হওয়াটাই স্বাভাবিক।
চোট কাটিয়ে মঙ্গলবার মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন তাসকিন। অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আইপিএল নিয়ে হতাশা ভেসে ওঠে তার কথায়।
‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’
তাসকিন মূলত ইনজুরি প্রবণ। তাই তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বোর্ড। বিষয়টি তাসকিন বুঝলেও খেলার ইচ্ছাটা চেপে রাখা কঠিন।
‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’
আসন্ন আইপিএলের চূড়ান্ত নিলামে ছিলেন তাসকিন। তবে নিলামের দিন সকালে বোর্ডের অনুরোধে নাম সরিয়ে নেন তাসকিন। এর বাইরেও তাকে দলে চেয়েছে কিং ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল খেলা না হলেও সামনে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চোট কাটিয়ে জানুয়ারির ১৯ তারিখ থেকে হয়তে যাওয়া বিপিএলেই আপাতত ফোকাস তার।
‘জ্বি আল্লাহ রহমতে আগের থেকে ভালো। একটু কাঁধে সমস্যা হয়েছিল। এখন মাশাল্লাহ আগের থেকে ভালো। বিপিএলটাই টার্গেট, যে বিপিএল দিয়ে আবার শুরু করা। ইচ্ছা আছে নতুন বছরের শুরুটা আবার ভালো হোক, ইনশাল্লাহ এটাই।’





