খেলা

জীবনের বাকি সময়টা ক্রিকেটের সঙ্গেই থাকতে চান নান্নু

লম্বা সময় ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু। তার এই সময়ে বাংলাদেশ দল কখনও অনেক সফলতা পেয়েছে আবার কখনও নাজেহাল হয়েছে।

ভালো-খারাপের মধ্য দিয়েই তো চলে জীবন কিংবা ক্যারিয়ার। নান্নুও ঠিক সেই পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন দায়িত্ব পালনকালে। আর মাত্র চারদিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এরমধ্যেই জানা যাবে বর্তমানে যারা আছেন তারাই কি বহাল থাকবেন নাকি পরিবর্তন আসবে।

তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেক তাদের পদ ছাড়া কিংবা সরে যাওয়ার কথা বলা হয়নি। যদিও চুক্তি অনুযায়ী তারা চলতি বছরের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রধান নির্বাচক পদের মেয়াদ শেষ হওয়া নিয়ে নান্নু বলেন, ‘আজকে দশ বছর ধরে আমরা কাজ করেছি, এভাবেই যাচ্ছে। কোনও সময় কিন্তু বোর্ড বলেনি যে চুক্তি শেষ বা এটা। আমরা কাজ করে যাচ্ছি, বোর্ড যদি মনে করে এইটা… বোর্ড কিন্তু বোর্ড মিটিং ছাড়া সিদ্ধান্ত নিতে পারে না; সুতরাং এটা তখনই সিদ্ধান্ত জানা যায়। এমনও গেছে যে চুক্তি নাই, এক বছর কাজ করার পর চুক্তি স্বাক্ষর হয়েছে। আমাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, এটা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল রাখবে কি রাখবে না।’

দীর্ঘদিন নির্বাচকের পদ সামলালেও নান্নু একজন লেভেল থ্রি কোচ। তবে বোর্ড যদি পুনরায় আবার নির্বাচক পদে চুক্তি না করে তাহলে তিনি কী করবেন। এমন কিছু খোলাসা করে না বললেও নান্নু জানিয়েছেন তিনি ক্রিকেটের সঙ্গেই থাকবেন।

‘এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা তো কেউ আমাকে জোর করে চাপিয়ে দিতে পারে না। আমি নির্বাচকের আগে কোয়ালিফাইড লেভেল থ্রি কোচ। আমার তো ওদিকে দিয়েও চিন্তা ভাবনা আছে। খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গে সময় কাটিয়েছি। বাকি জীবনটা তো ক্রিকেটের সঙ্গে কাটবে। আমি কী করবো এটার সিদ্ধান্ত তো আমি নেব।’ -বলছেন প্রধান নির্বাচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button