খেলা

ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিংয়ে ফারজানা

চলতি বছরটা বাংলাদেশ নারী ক্রিকেট দল দারুণভাবে কাটিয়েছে। শুধু দল নয়, দলের অন্যতম ব্যাটার ফারজানা হক পিংকিও তার ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো ফারজানা দক্ষিণ আফ্রিকার মাটিতেও সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছেন সবার। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রানের ইনিংস খেলা ফারজানার উন্নতি হয়েছে র‌্যাঙ্কিংয়েও। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন এই টাইগ্রেস ওপেনার।

মঙ্গলবার প্রকাশিত আইসিসির ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৫ থেকে উঠে এসেছেন ১৩ নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচটিতে ১০২ রানের ইনিংস খেললেও বাংলাদেশ ম্যাচটি হেরে যায়। দল হেরে গেলেও র‍্যাংকিংয়ে উন্নতি হওয়া ফারজানার রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ার সেরা ৫৮৫।

ফারজানার আগে বাংলাদেশের আর কোনও ব্যাটার সেরা ২০ এর মধ্যে ঢুকতে পারেনি। ফারজানার উন্নতি হলেও এক ধাপ করে পিছিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ৩০তম, রুমানা আহমেদ ৫০তম এবং মুর্শিদা খাতুন ৫৮তম স্থানে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button