সিনেমার প্রচারে শ্লীলতাহানির শিকার ঐশ্বরিয়া

দক্ষিণী তারকা ধানুষের সিনেমার প্রচারে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন সঞ্চালিকা ঐশ্বরিয়া রঘুপতি। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
আগামী ১২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ধানুষের নতুন ছবি ‘ক্যাপ্টেন মিলার’। মুক্তির আগে গেল ৩ জানুয়ারি চেন্নাইয়ের নেতাজি ইনডোর স্টেডিয়ামে ছবির প্রচারে বিশেষ অনুষ্ঠান হয়। আর সেখানেই অগণিত দর্শকের মাঝে শ্লীলতাহানির শিকার হন ঐশ্বরিয়া।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভিড়ের মধ্যে ঐশ্বরিয়ার গায়ে অশালীনভাবে হাত দেয় এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন তিনি। তার গালে চড়ও মারেন।
পরে ঐশ্বরিয়ার পায়ে পড়ে ক্ষমা চাইতেও বাধ্য হন ব্যক্তি। গোটা বিষয়টি ইনস্টাগ্রামের স্টোরিতে তুলে ধরেছেন সঞ্চালিকা।
ঐশ্বরিয়া লেখেন, ভিড়ের মধ্যে এক যুবক আমার শরীরে অশালীনভাবে হাত দেয়। ভয় পাইনি আমি। প্রতিবাদ করেছি। চড় মেরেছি। পালাতে গিয়েছিল, কিন্তু আমি পিছু নিয়ে ধরেছি। আবার মেরেছি। আমার মনে হয় এরপর আর কোনো মেয়ের শরীরে হাত দেবে না ব্যক্তি। এটা সব নোংরা মানসিকতার ব্যক্তির জন্যই উচিত শিক্ষা।





