চলে গেলেন ‘স্বপ্নের ঠিকানা’ ছবির নির্মাতা

সালমান–শাবনূর অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ চলচ্চিত্রের পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় মারা যান তিনি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক অপূর্ব রানা।
জানা যায়, রাজধানীর মতিঝিলে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ‘স্বপ্নের ঠিকানা’ পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। পেছন থেকে আরেকটি রিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। পরে ধরাধরি করে কয়েকজন পথচারী তাকে মধুবাগের বাসায় পৌঁছে দেন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেন। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, এম এ খালেকের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল তার। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দিন পাঁচেক আগে তাকে বাসায় আনা হয়।
পরিবারের সদস্যরা জানান, বুধবার মধ্যরাতে হঠাৎ করে এম এ খালেকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার আগে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এ সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।
প্রসঙ্গত, সালমান শাহ ও শাবনূরকে নিয়ে নির্মিত এম এ খালেকের ‘স্বপ্নের ঠিকানা’ চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকমহলে সাড়া ফেলেছিল। ১৯৯৫ সালের ১১ মে মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রযোজনা করেন নুরুল ইসলাম।





