বাণিজ্য

রেকর্ড দামে বিক্রি হচ্ছে আলু

ভরা মৌসুমে হঠাৎই আলুর বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ফলে বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে আলু। গত সপ্তাহে খুচরায় ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি বাজারে পুরোনো আলু খুচরায় ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

পাইকারিতে গত সপ্তাহে ৪৫-৫০ টাকা দরে বিক্রি হলেও মঙ্গলবার পুরোনো আলুর পাইকারি দাম ৭০ টাকা। বেড়েছে নতুন আলুর দামও।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সরেজমিনে রাজধানীর কাওরানবাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার, খিলগাঁও রেলগেট বাজার, গোড়ান বাজার, ও মেরাদিয়া বাজারসহ স্থানীয় বিভিন্ন পাড়া-মহল্লার খুচরা দোকান ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য মূল্য তালিকা অনুযায়ী, বর্তমান বাজারে প্রতি কেজি আলুর দাম ৬০ থেকে ৬৫ টাকা। যা একমাস আগেও ছিল ৪৫ থেকে ৫০ টাকা প্রতিকেজি।

অর্থাৎ এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৩১ দশমিক ৫৮ শতাংশ। অথচ এক বছর আগে বাজারে এই আলুর দাম ছিল প্রতিকেজি ১৬ থেকে ২২ টাকা পর্যন্ত। সেই হিসেবে অনুযায়ী এক বছরের ব্যবধানে আলুর দাম বেড়েছে ২২৮ দশমিক ৯৫ শতাংশ।

বাজারে আলুর দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় আলু কম থাকায় সরকার দেড় মাসের জন্য আলু আমদানির অনুমতি দিয়েছিল।

তবে আমদানি বন্ধ করায় কিছুদিন যাবত বাজারে এর দাম বেড়েছে। পাশাপাশি এখনও পাইকারি বাজারগুলোতে নতুন আলু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হয়নি। যে কারণে নতুন ও পুরোনো দুই ধরনের আলুর দামই বাড়তি।

কারওয়ান বাজারের আলুর আড়তদার মো. শফিক মিয়া জানান, তার দোকানে প্রতিদিন ২০ টন আলু পাইকারি বিক্রি হয়। কিন্তু হঠাৎ দাম বেড়ে গেছে।

তিনি বলেন, মঙ্গলবার পাইকারি ৭০ টাকা কেজি দরে পুরোনো আলু বিক্রি করেছি। গত সপ্তাহে বিক্রি করেছি ৪৫-৫০ টাকায়।

তার দাবি, আলুর সংকট দেখা দেওয়ায় দাম বেড়েছে। মুন্সীগঞ্জ, রাজশাহী, রংপুরে আলুর খুব সংকট চলছে, পাওয়া যাচ্ছে না। অতি বৃষ্টি ও ঢলে দুই দফায় আলুর বীজ নষ্ট হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে।

এদিকে নতুন আলুর দাম বাজারে কিছুটা কম আছে। খুচরায় ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি হচ্ছে। যদিও সেটিও গত সপ্তাহের তুলনায় বেশি। গত সপ্তাহে পুরোনো আলুর মতো নতুন আলু খুচরায় বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

রেকর্ড দামে বিক্রি হচ্ছে আলু

২৭ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com