বিপণিবিতান চালু, বেচাকেনা কম

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার কয়েক ঘণ্টার জন্য খুলেছিল রাজধানীর বিভিন্ন বিপণিবিতান ও দোকানপাট। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় বিপণিবিতান ও দোকানপাট প্রায় সাত ঘণ্টা খোলা রাখা হয়।
তবে গ্রাহকের উপস্থিতি ছিল খুবই কম। ব্যবসায়ীরা বলেন, সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে। এ জন্য অতি প্রয়োজন ছাড়া কেউ বিপণিবিতান বা দোকানে আসেননি।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে গত সপ্তাহে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটতে থাকায় সরকার গত শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে। প্রথম দিকে কারফিউতে স্বল্প বিরতি থাকলেও গতকাল সাত ঘণ্টা পর্যন্ত শিথিলতা ছিল। এতে দোকানপাট খোলার সুযোগ তৈরি হয়, যদিও ক্রেতাদের উপস্থিতি খুব কমই দেখা গেছে।
গতকাল বেলা দুইটার দিকে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং সেন্টারে গিয়ে দেখা যায়, বিপণিবিতানটি প্রায় ফাঁকা; হাতে গোনা কিছু ক্রেতা-দর্শনার্থী রয়েছেন। সেখানে কথা হয় পোশাকের দোকান জেন্টেল পার্কের ব্যবস্থাপক মো. গোলাম সাদীর সঙ্গে। তিনি জানান, কারফিউর নির্দেশনা মেনে কয়েক ঘণ্টার জন্য তাঁরা দোকান খুলেছেন।
বসুন্ধরা সিটিতে ইমিটেশন অলংকারের দোকান কেজেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক সুমন সরকার জানান, অন্য দিনের তুলনায় গতকাল চার ভাগের এক ভাগও বিক্রি হয়নি। দোকানে ১০ জন কর্মচারী আছেন, অন্যান্য পরিষেবার খরচও রয়েছে। সবকিছু মিলিয়ে গত কয়েক দিনে ভালোই লোকসান হয়েছে তাঁদের।





