বছরের প্রথম দিনে শুরু হচ্ছে না বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ আগামী জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে। রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী চলবে এই মেলা।
নতুন বছরের প্রথম দিনে বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে করার পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে মেলার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবার বাড়ানো হয়েছে স্টলের ভাড়া।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে মতামত দিয়েছেন। নির্বাচনের কারণে মেলা পেছানো হচ্ছে, তবে জানুয়ারির ১৫ অথবা ২০ তারিখে মেলা শুরুর পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন বলে তিনি জানান। অন্য বছরের তুলনায় এবারের মেলার পরিসর বাড়ানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গত মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। এবারের মেলায় মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে স্টল ভাড়া ন্যুনতম ৩ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে সাধারণ স্টলের ভাড়া ৪ লাখ টাকা ও সংরক্ষিত স্টল ৪ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ঠিক করা হয়েছে ১১ লাখ টাকা। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানতও বাড়ানো হয়েছে।
দর্শনার্থীদের প্রবেশ ফি গত বছরের মতোই রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশ টিকিটের মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে।





