খেলা

টি-টোয়েন্টি ২০২৪ বিশ্বকাপের সূচি প্রকাশ

আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ২০২৪ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। আর একই গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। গ্রুপটিতে আরও আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা।

শুক্রবার (৫ জানুয়ারি) বিশ্বকাপ শুরুর ৬ মাস আগেই সূচি জানিয়েছে আইসিসি।

‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।image

আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে বিশ্বকাপের, যেখানে উদ্বোধনী ম্যাচে ডালাসে স্বাগতিকদের বিপক্ষে লড়বে কানাডা। আর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৭ জুন। ডালাসের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

সবমিলিয়ে ৯টি (যুক্তরাষ্ট্রের তিনটি এবং উইন্ডিজ মাটিতে ছয়টি) ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ আসর। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।

২০ দলের টুর্নামেন্টে ৪টি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। প্রতিটি গ্রুপে দল রয়েছে ৫টি করে। গ্রুপপর্ব চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার এইটে। ২৬ জুন গায়ানায় হবে প্রথম সেমিফাইনাল, পরদিন (২৭ জুন) ত্রিনিদাদে দ্বিতীয়টি।

গ্রুপ পর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ তাদের ৪টি ম্যাচের দুটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর অন্য দুটি খেলবে যুক্তরাষ্ট্রে। গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে ৯ জুন, নাসাউয়ের কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button