খেলা

মোস্তাফিজকে দলে নেওয়ার কারণ জানাল চেন্নাই

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পেসার মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে তাকে। অফ-ফর্মে থাকা মোস্তাফিজকে কেনই বা নেওয়া হলো চেন্নাইতে এ নিয়ে গুঞ্জন তো রয়েছেই।

গত আসরে দিল্লির হয়ে খেললেও এবারের খেলোয়াড় নিলামে মোস্তাফিজের নাম তোলা হলে চেন্নাই ছাড়া কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। এক ডাকেই তাকে নেয় আইপিএলের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া দলটি।

তবে কী কারণে মোস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই সেটিও খোলাসা করল ফ্র্যাঞ্চাইজিটি। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামের উইকেটে অনেক সময়ই বল গ্রিপ করে। যে জন্য বেশ কার্যকরী মোস্তাফিজ।

শনিবার জুনিয়র সুপার কিংস-এর উদ্বোধনী অনুষ্ঠানে দলটির নির্বাহী কাসি বিশ্বনাথান জানান, নিলামের আগেই মোস্তাফিজের দিকে দৃষ্টি ছিল চেন্নাইয়ের।

‘যাদেরকে নেওয়ার লক্ষ্য ছিল আমাদের, মোটামুটি তাদের সবাইকেই পেয়েছি। ড্যারিল মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের মনে হয়েছে, চিপকের উইকেটে এবং সেখানে দুই পাশের সীমানা যেমন, মোস্তাফিজুর রহমান ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় ছিল এসব। তবে আমরা নিশ্চিত ছিলাম না, তাদেরকে আমরা পাব কি না। সৌভাগ্যবশত, এবার নিলাম বেশ ভালো কেটেছে আমাদের।’

এ পর্যন্ত ৬টি আসরে মোস্তাফিজ খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে বিস্ময়কর হলেও সত্য, এখন পর্যন্ত এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে খেলা হয়নি তার।

তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে এই মাঠে খেলেছেন ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ৮ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

আইপেইএল ৬ আসরের ক্যারিয়ারে মোট ৪৮ ম্যাচ খেলে তার উইকেট ৪৭টি। ওভার প্রতি রান দিয়েছেন ৭.৯৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button