Travel

এয়ার টিকিট সিন্ডিকেটে জড়িত ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল

শুনানিতে দুটি ট্রাভেল এজেন্সি হাজির হয়ে কাগজপত্র দাখিল করলেও বাকি ১১টি ট্রাভেল এজেন্সি শুনানিতে আসেনি।

আকাশপথের টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে জড়িত থাকায় ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

টিকেট ‘কালোবাজারির’ সাথে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয় থেকে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এসব এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করা হয় বলে মঙ্গলবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পৃথক আদেশে ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হয়।

এই ১৩টি এজেন্সি হল-কাজী এয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, সিটিকম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি প্রাইভেট লিমিটেড, আরবিসি ইন্টারন্যাশনাল, মেঘা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, মাদার লাভ এয়ার সার্ভিস, জে এস ট্রাভেল অ্যান্ড ট্যুরস, হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, ফোর ট্রিপ লিমিটেড, কিং এয়ার এভিয়েশন, বিপ্লব ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট, সাদিয়া ট্রাভেলস, আত-তাইয়ারা ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও এন এম এস এস ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে এজেন্সিগুলোর বিরুদ্ধে গ্রুপ বুকিংয়ের নামে অনির্দিষ্টকালের জন্য চাহিদাসম্পন্ন রুটের এয়ার টিকিট ব্লক করে রাখা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপসহ সাব-এজেন্টের মাধ্যমে উচ্চমূল্যে টিকিট বিক্রির তথ্য-প্রমাণ পাওয়ার কথা বলেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৯ ধারার বিধান অনুযায়ী ট্রাভেল এজেন্সির নিবন্ধন কর্তৃপক্ষ অভিযুক্ত ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে অনুষ্ঠিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এবং ট্রাভেল এজেন্সিগুলোকে আত্মপক্ষ সমর্থনে জবাব দাখিলসহ শুনানির সুযোগ প্রদান করে।”

শুনানিতে দুটি ট্রাভেল এজেন্সি হাজির হয়ে কাগজপত্র দাখিল করলেও বাকি ১১টি ট্রাভেল এজেন্সি শুনানিতে আসেনি। তারা কোনোধরনের তথ্যও দেয়নি, যা বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

মন্ত্রণালয় বলেছে, যে দুটি ট্রাভেল এজেন্সি কাগজপত্র দাখিল করেছে তাদের কাগজপত্র ও সাক্ষ্য পর্যালোচনায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হয়েছে।

এসব ট্রাভেল এজেন্সি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্বাভাবিক দামে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে টিকিটের মজুতদারি, কালোবাজারি ও প্রতারণামূলক কার্যক্রমে সম্পৃক্ত হয়েছিল।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
10 September 2025

এয়ার টিকিট সিন্ডিকেটে জড়িত ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল

www.SatkahonNews.com