প্রবাস

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের লিঙ্গি এলাকায় বাংলাদেশি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। হত্যাকাণ্ডের অভিযোগে তাদেরই এক সহকর্মীকে আটক করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নেগেরি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে লিঙ্গির তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লিঙ্গি থানার পুলিশ অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করে।
পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে লিঙ্গির সুয়া ম্যাঙ্গিস এস্টেট এলাকা থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

ঘটনায় আহত আরেক বাংলাদেশিকে উদ্ধার করে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও অভিযুক্ত ব্যক্তিরা একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন। ধারণা করা হচ্ছে, সংঘর্ষটি একাধিক স্থানে ঘটেছে। তবে ঘটনার সূত্রপাত ও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশপ্রধান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এর আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
তিনি আরও জানান, মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। হত্যার উদ্দেশ্য ও ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
04 August 2026

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

www.SatkahonNews.com