প্রবাস

পাশাপাশি কবরে শায়িত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাই, স্বজনদের আহাজারিতে ভারী গণিপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রাম যেন একদিনেই শোকে স্তব্ধ হয়ে গেছে। সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজনের মরদেহ দেশে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে দুই ভাইয়ের মরদেহ নিজ এলাকায় পৌঁছায়। মরদেহ আসার খবর ছড়িয়ে পড়তেই শত শত এলাকাবাসী ছুটে আসেন। স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

পরিবারের সদস্যরা জানান, দুই সন্তানের মৃত্যুর খবর প্রথমে মায়ের কাছ থেকে গোপন রাখা হয়েছিল। তবে মরদেহ দেশে পৌঁছানোর খবর শুনেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তাৎক্ষণিকভাবে মরদেহ বাড়িতে না নিয়ে সারা রাত বাড়ির পাশেই লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়।

ভোর হতেই আব্দুল মালেকের বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। সকাল ৮টার দিকে শেষবারের মতো মা, বোন ও ফয়েজ আহমেদের স্ত্রীকে দেখানোর জন্য বাড়িতে নেওয়া হয় দুই ভাইয়ের মরদেহ। আদরের দুই সন্তানের নিথর দেহ দেখে আবারও জ্ঞান হারান তাদের মা। এ সময় বাবার মরদেহের পাশে দাঁড়িয়ে নির্বাক চোখে তাকিয়ে ছিল ফয়েজ আহমেদের একমাত্র সন্তান।

পরে একটি ভ্যানে করে দুই ভাইয়ের মরদেহ স্থানীয় কামারহাট ঈদগাহ মাঠে নেওয়া হয়। সকাল ১০টা ১০ মিনিটে অনুষ্ঠিত হয় তাদের জানাজা। এতে হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে গ্রামের কবরস্থানে পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় দুই সহোদরকে।

এর আগে, সোমবার বিকেল ৫টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তাদের মরদেহ। সেখানে মরদেহ গ্রহণ করেন তাদের বাবা আব্দুল মালেক ও স্বজনরা।

উল্লেখ্য, গত ১৫ জুলাই মধ্যরাতে রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে যাওয়ার পথে দুই ভাইকে বহনকারী প্রাইভেটকারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

একসঙ্গে বিদেশে পাড়ি, একসঙ্গে মৃত্যু, আর শেষ পর্যন্ত পাশাপাশি কবর—দুই ভাইয়ের এই মর্মান্তিক পরিণতি শুধু তাদের পরিবারকেই নয়, শোকে স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকাকে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
28 July 2026

পাশাপাশি কবরে শায়িত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাই, স্বজনদের আহাজারিতে ভারী গণিপুর

www.SatkahonNews.com