বাংলাদেশের সুনাম রাখতে প্রবাসীদের সতর্ক করলো জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস কনস্যুলার সফরকালে প্রবাসীদের পরিবেশহানির বিষয়ে সতর্ক করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে ভাড়া নেওয়া কনস্যুলার সেবা কেন্দ্রগুলোতে সেবা গ্রহণকারী কিছু ব্যক্তির অসতর্ক ও অসচেতন আচরণের কারণে সেখানকার বিভিন্ন স্থাপনার ক্ষতিসাধন হচ্ছে। বিশেষ করে, দরজা, জানালা, চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্রের ক্ষতিসাধন, দেয়াল টপকে প্রবেশ, ল্যাম্পপোস্ট ভাঙা, দেয়াল ও স্থাপনার ক্ষতিসাধন এবং ব্যবহৃত পানির বোতল ও অন্যান্য বর্জ্য যথাযথ স্থানে না ফেলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
কনস্যুলেট জানায়, এ ধরনের ঘটনার কারণে কনস্যুলেট সেবা কেন্দ্রগুলোর মালিকদের ক্ষতিপূরণ প্রদান করছে। এছাড়া, সেবা কেন্দ্রটির পার্শ্ববর্তী পরিবেশের ক্ষতি হচ্ছে এবং স্থানীয় প্রতিবেশীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে; যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন করছে। উদ্বেগের বিষয় যে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তির কারণে অনেক ভেন্যু মালিক ভবিষ্যতে কনস্যুলার ট্যুরের জন্য তাদের ভেন্যু ভাড়া দিতে অনীহা প্রকাশ করছেন।
তারা বলেন যে, এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে কনস্যুলেটের কনস্যুলার ট্যুর কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে; ফলে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা প্রয়োজনীয় কনস্যুলার সেবা পেতে অসুবিধায় পড়তে পারেন।
এই পরিস্থিতিতে, সকল সেবাগ্রহীতাকে ভেন্যুর সম্পদ ও পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় আইন-কানুন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সকলের সচেতন ও দায়িত্বশীল আচরণ কনস্যুলার ট্যুর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সহায়ক হবে।





