ইউনূসকে প্রধানমন্ত্রী করে ছড়ানো বার্তা, পাগলের প্রলাপ বললেন কাদের

নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী করে সামাজিক মাধ্যমে ছড়ানো বার্তা— ‘পাগলের প্রলাপ’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান কর্মসূচির মধ্যে সামাজিক মাধ্যমে ড. ইউনূসকে সরকার প্রধান করে একটি মন্ত্রিসভা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। বিষয়টি আওয়ামী লীগ কিভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে দলটির শীর্ষ এই নেতা বলেন, ‘এটা পাগলের প্রলাপ’।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার প্রতিবাদে নাগরিক সমাজের মত প্রকাশের সুযোগে তৃতীয় পক্ষ যেন উসকানি দিতে না পারে সে জন্য সবাইকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়ে লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা দেখছি নাগরিক সমাজের অনেকে চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু একটা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি সকলের বিবেচনায় থাকা উচিত। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনও স্বার্থান্বেষী মহল যেন উসকানি দিতে না পারে সেই বিষয়ে সকলের দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রের নাগরিক হিসেবে চলমান সংকট থেকে উত্তরণে সকলের ধৈর্য ধারণ সমীচীন।





