‘আমি জাল ভোটে এমপি হতে চাই না’

ফেনীর ফুলগাজীর শ্রীপুরে খালেদা জিয়ার বাড়ির সামনে মতবিনিময় সভার মাধ্যমে প্রচারণা শেষ করেছেন ফেনী-১ আসনের নৌকার প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় রাতের কুয়াশার মধ্যে গ্রামবাসী আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন চৌধুরীর মতবিনিময় সভায় অংশগ্রহণ করে হাত তুলে নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়ী করার বিষয়ে আশ্বস্ত করেন।
সভায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম খালেদা জিয়ার গ্রামের মানুষদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান হয়ে থাকতে চাই। এমপি নির্বাচিত হলে আপনাদের নিয়ে সুখে-দুঃখে থাকতে চাই। আমি জাল ভোট ও দুই নাম্বার ভোটে এমপি হতে চাই না। আমি ভোটারদের ভোটে এমপি হতে চাই। আল্লাহ আমাকে কম দেয়নি, অনেক দিয়েছে। আমি নিতে আসিনি, দিতে এসেছি।
খালেদা জিয়ার না থাকাতে নাসিম চৌধুরীকে পেয়ে খুশী শ্রীপুর গ্রামের সাধারণ মানুষ। তারা বলছেন খালেদা জিয়া আমাদের এলাকার, কিন্তু আলাউদ্দিন নাসিমও আমাদের এলাকার আত্মীয়। আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে আমরা কাজ করব।
ফুলগাজী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার ভাতিজা সালাহউদ্দিন আহমেদ মজুমদার, এটিএম ইয়াছিন সাদেক বিপ্লব মজুমদার, মামুনুর রশিদ সাহেদ প্রমুখ। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে ছাগলনাইয়া উপজেলার বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সভায় উপস্থিত থেকে নৌকা প্রতীকের ভোট চেয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।





