জাতীয়

জেদ্দা থেকে পালিয়ে গেছেন কনস্যুলেটের লেবার কাউন্সেলর কাজী এমদাদুল ইসলাম।

ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও পুলিশের সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির পর এবার জেদ্দা থেকে পালিয়ে গেছেন কনস্যুলেটের লেবার কাউন্সেলর কাজী এমদাদুল ইসলাম। তিনি ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনের সময় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্বে ছিলেন এবং এর আগে গোপালগঞ্জে ইউএনও পদে কর্মরত ছিলেন। ছাত্রলীগের সাবেক নেতা হওয়ায় ক্ষমতাসীন সরকারের আমলে তার ছিল আলাদা প্রভাব।

গত ৩০ জুন তিনি জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে রিলিজ অর্ডার গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, রিলিজ নেয়ার পর ৬ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঢাকায় সশরীরে উপস্থিত হয়ে যোগদান করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কাজী এমদাদুল ইসলাম ঢাকায় না এসে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গোপনে সমন্বয় করে তার যোগদানপত্র কারো মাধ্যমে পাঠিয়ে দেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মিশন শাখার উপসচিব মাকসুদা খন্দকার বিষয়টি অত্যন্ত গোপনীয়ভাবে সামলান এবং অস্বাভাবিক দ্রুততার সঙ্গে কাজী এমদাদুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করেন।

ইমিগ্রেশন সূত্র জানায়, গত এক সপ্তাহের মধ্যে তিনি দেশে ফেরেননি। জেদ্দায় কনস্যুলেটের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিনি কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবিরের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে জেদ্দা ত্যাগ করেন এবং সরাসরি লন্ডনে চলে যান।

এর আগে দুবাই থেকে এনএসআই নিযুক্ত সাবেক কাউন্সেলর বদরুদ্দিন আহমেদ বিদ্যুৎ একই পদ্ধতিতে পলায়ন করেন। রাষ্ট্রদূত হারুনুর রশীদ মেক্সিকো থেকে এবং সাঈদা মুনা তাসনিম লন্ডন থেকে পলাতক রয়েছেন বলেও জানা গেছে।

জেদ্দা কনস্যুলেটে কর্মরত হজ কাউন্সেলর জহিরুল ইসলামও পলায়নের জন্য নানামুখী কৌশল নিচ্ছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে কারাগারে আটক সাবেক নির্বাচন কমিশনের সচিব এবং স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের আপন ভাই।

বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, জেদ্দার সাবেক কনসাল জেনারেল এবং বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নাজমুল হক পলাতক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর আমেরিকা গমনে সহায়তা করেন। অন্যদিকে, কাজী এমদাদুল ইসলামের অনুপস্থিতিতে তার যোগদানপত্র গ্রহণে উপসচিব মাকসুদা খন্দকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এভাবে এক কর্মকর্তা আরেকজনের পলায়নের পথ সুগম করছেন বলে অভিযোগ উঠেছে। কিছুদিন আগে জেদ্দার সাবেক কনসাল জেনারেল এবং বর্তমানে মস্কোতে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি মিশন প্রধান ফয়সাল আহমেদও পালিয়ে গেছেন বলে জানা যায়।

এভাবে চলতে থাকলে ফ্যাসিবাদী আমলে নিযুক্ত বিতর্কিত কর্মকর্তা ও তথাকথিত নির্বাচনের কারিগরদের আইনের আওতায় আনা সম্ভব হবে না বলেও সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মাকসুদা খন্দকার শুক্রবার একটি জাতীয় দৈনিক কে  জানান, “আমি ছোট চাকরি করি। কাজী এমদাদুল ইসলামের যোগদানপত্র গ্রহণের বিষয়টি সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা অবগত ছিলেন। তাদের নির্দেশেই আমি যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করেছি।”

তিনি আরও জানান, পলাতক লেবার কাউন্সেলর কাজী এমদাদুল ইসলামের টিএ/ডিএ বিল আগেই পরিশোধ করা হয়েছে। সশরীরে উপস্থিত না হয়েও তার যোগদানপত্র গ্রহণের সময় মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি বিধি লঙ্ঘন কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন মনে করেননি বলেও একাধিক সূত্র জানিয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

জেদ্দা থেকে পালিয়ে গেছেন কনস্যুলেটের লেবার কাউন্সেলর কাজী এমদাদুল ইসলাম।

১১ জুলাই ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com