বাংলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি। এই বিশেষ দিনটি বিশ্বব্যাপী সকল মাতৃভাষার সুরক্ষা ও উন্নতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।”
বাংলা ভাষায় দেওয়া এই শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রদূত বাংলাদেশের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করেন।
প্রসঙ্গত, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান শিগগিরই বাংলাদেশ ছাড়তে যাচ্ছেন। তার বিদায়ের আগে এমন শুভেচ্ছা বার্তা বাংলাদেশের জনগণের প্রতি সৌহার্দ্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।





