‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচিতে যা ঘটল

সারা দেশে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কোথাও কোথাও সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশির গুলির ঘটনাও ঘটে।
সকাল থেকে রাজধানীর উত্তরায় বৃষ্টি উপেক্ষা করে রাজউক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সকাল সাড়ে ১০টার মধ্যেই ভরে যায় প্রতিষ্ঠানটির সামনের সড়ক। ছাত্র হত্যার বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।
বৃষ্টিতে ভিজেই ব্র্যাক ও ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীদের গণমিছিল
বেলা সাড়ে ১১টায় রাজধানীর আফতাবনগরে শিক্ষার্থী-জনতাকে হত্যার প্রতিবাদে ও ৯ দফা দাবি বাস্তবায়নে গণমিছিল কর্মসূচি পালন করে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কয়েকশ’ শিক্ষার্থী। এসময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন।
বায়তুল মোকাররম মসজিদ : ভুয়া ভুয়া স্লোগানে কওমি শিক্ষার্থীদের মিছিল
জুমার নামাজ শেষে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের প্রতিবাদে মিছিল করেন কওমি শিক্ষার্থীরা। মিছিলে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা যায় তাদের। বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তৃতার পর মিছিল শুরু করেন তারা। মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টনের দিকে যেতে থাকে। পরে শাহবাগ পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ।
সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের গণমিছিল
দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল শুরু হয়। জুমার নামাজের পর এ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় তাদের সরকারবিরোধী এবং ৯ দফার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা যায়।





