নরসিংদী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন

নরসিংদী-২ (পলাশ) নির্বাচনি আসনের জাতীয় পার্টির প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টায় পলাশ উপজেলার জিনারদীর চরনগরদী বাজারের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম অভিযোগ করে বলেন, আজ ভোটগ্রহণ শুরু হলে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম ও ভোট কারচুপি শুরু হয়। এমনকি বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে আমি আর ভোটে থাকতে পারছি না। আমি এই মুহূর্তে ভোট বর্জন করলাম।
নরসিংদী-২ (পলাশ) আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুল আশরাফ খান (নৌকা), স্বতন্ত্র আফরোজা সুলতানা (দোলনা), জাতীয় পার্টির এএনএম রফিকুল আলম সেলিম (লাঙ্গল) ও স্বতন্ত্র মো. মাসুম বিল্লাহ (ঈগল)। ইতোমধ্যে নৌকার প্রার্থী স্বামীকে বিজয়ী করতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হওয়া স্ত্রী আফরোজা সুলতানা।





