ভোটের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঢাকাসহ সারাদেশে ভোট কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা উন্মুখ হয়ে রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঢাকা মহানগরসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে একসঙ্গে পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে ও নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের অধীনে সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা ভোটকেন্দ্রে নিরাপত্তা দিচ্ছে।
পুলিশ মহাপরিদর্শক বলেন, ভোট দেওয়া নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার প্রয়োগে যারা বাধা দেবে, যারা নাশকতা করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময়ে উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার(অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, মহানগর ডিবি প্রধান হারুন অর রশীদসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।





