সৌদিতে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, ৭ জনই বিদেশি

সৌদি আরবে এক দিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এ ছাড়া বার্তা সংস্থা এএফপির বরাতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বৃদ্ধির মধ্যেই বিশেষ করে মাদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার নাজরানে সোমালিয়ার চার জন এবং ইথিওপিয়ার তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবে গাঁজা পাচারের দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এ ছাড়া মাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সৌদি আরবের এক যুবকের।
এএফপি বলছে, এ নিয়ে সৌদি আরব চলতি বছরে এখন পর্যন্ত ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের মধ্যে ১৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় মাদক সংক্রান্ত মামলায়। ২০২৪ সালে দেশটিতে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এ বছর মৃত্যুদণ্ড কার্যকরের যে হার, তাতে গত বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
মৃত্যুদণ্ড কার্যকরের হার বৃদ্ধির সঙ্গে ২০২৩ সালে শুরু হওয়া মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার যোগসূত্র দেখছেন বিশ্লেষকরা। ওই সময় গ্রেপ্তার অনেকের বিচার শেষে এখন মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।





