ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৩০ ডিসেম্বর) সকালের দিকে এ কম্পন অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর- মার্কিন বার্তা সংস্থা এপি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সিনাবাংয়ের পূর্বাঞ্চল হতে ৩৬২ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এটির সৃষ্টি হয়েছে। সিনবাংয়ের এ এলাকাটি আচেহ প্রদেশের উপকূলীয় অঞ্চল।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক এবং জলবায়ুবিষয়ক এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। তবে সেখানকার বাসিন্দাদের আফটারশকের বিষয়ে সতর্ক করা হয়েছে।
এজেন্সির তথ্যমতে, ভূমিকম্পের তীব্রতা ছিল ছয় দশমিক তিন। যদিও বিভিন্ন এজেন্সির মধ্যে ভূমিকম্পের তীব্রতার পরিমাপ আলাদা হওয়া অস্বাভাবিক নয়।
এর আগে, গত ২১ নভেম্বর দেশটিতে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৩১ জন নিহত ও ৬০০ জন আহত হয়েছিলেন। দেশিটির পশ্চিম জাভার চিয়ানজুর সিটিতে এ ভূমিকম্প হয়।
এছাড়া ২০০৪ সালে ভারত মহাসাগরে ভূমিকম্প ও সুনামিতে দুই লাখ ৩০ হাজার লোক নিহত হয়েছিলেন। ওই সময়ে বেশ কয়েকটি দেশে এ ভূমিকম্প আঘাত হানে। এরমধ্যে অন্যতম ছিল আচেহ প্রদেশ।





