গাজীপুরে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে সচেতনতামূলক পথনাটক!

৭ মার্চ শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ও অভ্যান্তরিন পাচারের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে গাজীপুরে একটি সচেতনতামূলক পথনাটকের আয়োজন করেছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম)।
শনিবার গাজীপুর চৌরাস্তা ও চেরাগআলী এলাকার জনবহুল স্থানে আয়োজিত এই পথনাটক দেখতে স্থানীয় বাসিন্দা, পথচারী, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
আইজেএম-এর ডিপুটি সিনিয়র ডিরেক্টর, ঢাকা বিভাগ জনাব নির্মল সরকার জানিয়েছে, “বাংলাদেশে অভ্যন্তরীণ শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ মোকাবিলায় বিদ্যমান সরকারি ব্যবস্থাকে শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির লক্ষ্য হলো শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে সরকারি কাঠামোকে আরও কার্যকর করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা এবং মাঠপর্যায়ে সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।
আয়োজকরা জানান, জনবহুল এলাকায় পথনাটক আয়োজনের উদ্দেশ্য ছিল সরাসরি জনগণের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। নাটকের মাধ্যমে তুলে ধরা হয় কীভাবে অপরাধীরা বিভিন্ন প্রলোভন, মিথ্যা চাকরির প্রস্তাব বা প্রতারণার মাধ্যমে শিশুদের শোষণের ফাঁদে ফেলে।
একই সঙ্গে দেখানো হয়, পরিবারের সতর্কতা, প্রতিবেশীর সচেতনতা এবং দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এসব অপরাধ প্রতিরোধ করা সম্ভব।
নাট্যপ্রদর্শনীতে শিশু পাচারের ঝুঁকির লক্ষণ, সন্দেহজনক পরিস্থিতিতে করণীয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। অভিভাবকদের সন্তানদের চলাফেরা, অনলাইন ও অফলাইন যোগাযোগ এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্কের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সামাজিক দায়বদ্ধতার অংশীদার হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে কেবল আইন প্রয়োগ বা অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন দীর্ঘমেয়াদি সামাজিক সচেতনতা। এ ধরনের পথনাটক সাধারণ মানুষের মধ্যে ঝুঁকি সম্পর্কে ধারণা তৈরি করে, ঝুঁকিতে থাকা শিশুদের চিহ্নিত করতে সহায়তা করে এবং কমিউনিটি পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আইজেএম জানিয়েছে, একই ধরনের সচেতনতামূলক আয়োজন ঢাকা বিভাগের পাঁচটি জেলার মোট ২০টি এলাকায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এসব জেলার মধ্যে রয়েছে ফরিদপুর, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা, টাঙ্গাইল, গাজীপুর এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা।
অনির্বাণ সারভাইভার ভয়েসের তত্ত্বাবধানে সুন্দরবন থিয়েটারের পরিবেশনায় এই জনসচেতনতামূলক পথনাটক আয়োজন করা হচ্ছে।
আয়োজকরা আশা করছেন, ধারাবাহিক এই উদ্যোগ শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও শোষণ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ জোরদার করবে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।





