রাজপথে শিক্ষার্থীরা, স্লোগানে উত্তাল রংপুর নগরী

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ও শিক্ষার্থীদের অবমাননা করার প্রতিবাদে রংপুরে রাজপথে নেমে এসেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের স্লোগানে উত্তাল রংপুর নগরী। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহস্রাধিকের বেশি শিক্ষার্থী অংশ নেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, নির্যাতন ও গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে কোটার যৌক্তিক সংস্কারসহ মেধার মূল্যায়নে যথাযথ সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জিলা স্কুল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। রংপুর জিলা স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে মিছিলটি বের হলেও এতে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শুরুতে পুলিশ তাদের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে পুলিশি নিরাপত্তায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে এগিয়ে যান। এসময় রংপুর মেডিকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর সরকারি সিটি কলেজ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে যুক্ত হলে মিছিল বড় আকার ধারণ করে। তাদের বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে নগরী।





