কুয়াকাটায় বেড়াতে গিয়ে পর্যটকদের আক্ষেপ

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা। নীল আকাশের নিচে সমুদ্রের নির্মল বাতাস এরই মাঝে কখনো ‘ভাঙা ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়, তারই মাঝে প্রেম শুধু গড়ে খেলাঘর।’
এসব মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হাজারও মানুষ ছুটে আসে, দেশের অন্যতম পর্যটন নগরী পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। এ নগরী এখন দেশের জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভ্রমণপিপাসু পর্যটকরা প্রতিনিয়ত কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন এ সৈকতের পাড়ে। কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা সারাদিন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অলস সময়গুলো যেন আর কাটতে চায় না। পর্যটকদের জন্য পর্যাপ্ত বিনোদন ব্যবস্থা না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন কুয়াকাটায় আগত অনেক পর্যটক। তবে পর্যটক উন্নয়ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে খুব দ্রুতই কুয়াকাটায় একাধিক বিনোদন কেন্দ্র গড়ে উঠবে।
দেশের সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালীর উপকূলবর্তী এলাকা সাগর কন্যা কুয়াকাটাকে ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেন। এরপর পর্যায়ক্রমে ২০১০ সালে পৌরসভায় উন্নীত হয়েছে কুয়াকাটা। প্রায় শতাধিক হোটেল-মোটেল নির্মাণ হলেও পর্যটকদের বিনোদনের জন্য কোনো ধরনের পার্ক বা বিনোদন কেন্দ্র নির্মিত হয়নি। সকালে সূর্যোদয়, দুপুরে সমুদ্রে গোসল, বিকেলে সৈকতে সূর্যাস্ত দেখার পর যখন সন্ধ্যা নামে তখন যেন আর কিছুই করার থাকে না পর্যটকদের। এ নিয়ে পর্যটকদের রয়েছে নানা আক্ষেপ।





