নৌকার সমর্থক হত্যা মামলার আসামিকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় নৌকা প্রতীকের সমর্থক ডালিমকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি শিপন পাটোয়ারিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, মুন্সীকান্দিতে ডালিম হত্যাকাণ্ডে বৃহস্পতিবার রাতে নিহতের মা জয়তুন নেসা বাদী হয়ে ৯-১০ জনের নাম উল্লেখ করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামি শিপন পাটোয়ারিকে ঘটনার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের সমর্থকদের ওপর হামলা হয়। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত ও অপর একজন আহত হয়।
নৌকা প্রতীকের সমর্থকরা অভিযোগ করেন মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থক রিপন পাটোয়ারীসহ ফরহাদ খা’র নেতৃত্বে পলাশ, রতন, শিপন, সোহাগসহ অন্যান্য লোকজন এসে মুন্সীকান্দিতে নৌকা প্রার্থীর সমর্থক ৯-১০ জনের উপর এলোপাথাড়ি শটগান দিয়ে গুলি করেছে।
তবে, গ্রেপ্তার শিপন পাটোয়ারির বড় ভাই চেয়ারম্যান রিপন পাটোয়ারিকে একাধিকবার ফোন করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।





