বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

উত্তরাঞ্চলের কোথাও কোথাও বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারাদেশে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করবে।
আবহাওয়া অফিস বলছে, দিনাজপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ শুক্রবার (৫ ডিসেম্বর) থেকে প্রশমিত হতে পারে।
এছাড়া সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। আবহাওয়ার এ পরিস্থিতি রোববার (৭ ডিসেম্বর) পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে।
এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
বৃষ্টিপাত নিয়ে আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, রোববার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যশোর ও কুষ্টিয়া জেলাসহ রংপুর এবং রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া দিনাজপুরে রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।





