বিশেষ সংবাদ

মোবাইলে বিয়ে, স্ত্রীর মুখ দেখার আগেই শেষ প্রবাসী সাব্বিরের সব স্বপ্ন

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর গ্রামের অসহায় দরিদ্র কৃষক মো. রাব্বানীর একমাত্র ছেলে সাব্বির হোসেন। পরিবারের অভাব দূর করার স্বপ্ন নিয়ে চার বছর আগে ঋণ করে তাকে সৌদি আরবে পাঠিয়েছিলেন বাবা-মা। সেই স্বপ্ন আর পূরণ হলো না। রবিবার (৯ আগস্ট) দুপুরে সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে অন্যদের সঙ্গে মারা যান সাব্বির।

সাব্বিরের চাচা আয়চান আলী জানান, সৌদি আরবে যাওয়ার দুই বছর পর, অর্থাৎ দুই বছর আগে পাশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার খাসখামার গ্রামের আব্দুল জলিলের মেয়ে জলি খাতুনের সঙ্গে মোবাইল ফোনে সাব্বিরের বিয়ে হয়। বিয়ের দুই বছর পার হলেও অভাবের কারণে স্ত্রীকে বাড়িতে তুলে আনা সম্ভব হয়নি। কথা ছিল, কিছুদিন পর সাব্বির দেশে ফিরবেন। প্রথমে ছোট বোনের বিয়ে দেবেন। এরপর নিজের স্ত্রী জলিকেও আত্মীয়স্বজন নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলবেন। কিন্তু সেই স্বপ্নের সবকিছুই শেষ হয়ে গেল ভয়াবহ আগুনে।

আয়চান আলী বলেন, সাব্বির দেশে আসছে, তবে জীবিত নয়—লাশ হয়ে। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান আর হবে না। এবার হবে তার দাফন-কাফন।

নিহত সাব্বিরের মা বলেন, ছোটবেলায় আমি মা-বাবাকে হারিয়েছি। গ্রামের মানুষের বাড়ি বাড়ি কাজ করে খেয়ে না খেয়ে বড় হয়েছি। অনেক কষ্ট করে আমার একমাত্র ছেলে সাব্বিরকে বড় করেছি। সাব্বির ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। খুব কষ্ট করে চার বছর আগে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। প্রশাসনের কাছে আমার আবেদন, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিন। আমার ছেলেকে আমি হারাতে চাই না। তাকে ছাড়া আমি বাঁচতে পারব না।

প্রতিবেশীরা জানান, সাব্বিরকে সৌদি আরবে পাঠাতে তার বাবা-মা অনেক টাকা ঋণ করেছিলেন। কিন্তু এখনো সেই ঋণ শোধ করতে পারেননি। বাড়িঘরও করতে পারেননি। এমনকি ছোট বোনের বিয়েও দেওয়া হয়নি। ঋণের কারণে সাব্বির দেশে ফিরছিলেন না। একই কারণে স্ত্রী জলিকেও বাড়িতে তুলে আনা হয়নি। এখনো তাদের ব্যাংক ও এনজিওর ঋণ রয়েছে।

সাব্বিরের চাচাতো বোন আয়েশা আক্তার বলেন, রবিবারও সাব্বিরের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। নিজের ভাইয়ের চেয়েও তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। নিয়মিত তিনি পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের খোঁজখবর নিতেন। এখন আর খোঁজ নেয়ার মতো সেই মানুষটিই নেই।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

মোবাইলে বিয়ে, স্ত্রীর মুখ দেখার আগেই শেষ প্রবাসী সাব্বিরের সব স্বপ্ন

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com