বিশেষ সংবাদ

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১০ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত; নিহত ১৭ হওয়ার দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের সংখ্যা ১৭ জন বলে জানা গেছে।

সৌদি আরবের রিয়াদে মুসা সানিয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু বাংলাদেশি শ্রমিক হতাহত হয়েছেন। স্থানীয় সময় আজ দুপুর ২টা থেকে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই কারখানায় ১৯ জন বাংলাদেশি কর্মী ছিলেন। তাদের মধ্যে আগুনে দগ্ধ হয়ে ৭ জন এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। বাকি দুজনের একজন চুল কাটাতে সেলুনে এবং অন্যজন হাঁটতে বাইরে যাওয়ায় তারা অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছিলেন না।

প্রাথমিকভাবে নিহতদের অধিকাংশের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

তবে নিহতের সংখ্যা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আজ রাত সাড়ে ১২টার দিকে আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে

নিহতদের মধ্যে উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮) রয়েছেন বলে জানা গেছে।

মন্ত্রীর শোক

এদিকে সৌদি আরবের সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।

তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির প্রকৃত সংখ্যা, পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
10 August 2026

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১০ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত; নিহত ১৭ হওয়ার দাবি

www.SatkahonNews.com