বিশেষ সংবাদ

কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে বৈধ থাকার সুযোগ, সৌদি প্রতিনিধিদলের সুখবর

শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ কর্মী নিয়োগ ও যৌথ প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে বাংলাদেশ-সৌদি দ্বিপাক্ষিক বৈঠক

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। এখন থেকে কোনো কারণে মূল নিয়োগকর্তা (কফিল) আকামা নবায়ন না করলে, অন্য কোনো নিয়োগকর্তার অধীনে দ্রুত আকামা নবায়নের সুযোগ থাকবে এবং এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এক দ্বিপাক্ষিক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে অংশ নেন সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি এবং ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা।

বৈঠকের শুরুতেই ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা বলেন, বাংলাদেশি কর্মীদের কর্মস্থলে কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে তারা অন্য নিয়োগকর্তার অধীনে দ্রুত আকামা নবায়ন করতে পারবেন এবং এতে কোনো আইনগত জটিলতা থাকবে না।

বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত তিনটি চুক্তির মধ্যে ডোমেস্টিক কর্মী ও এসভিপি (SVP) চুক্তি নবায়নের অনুরোধ জানানো হয়। এছাড়া সম্প্রতি অনুমোদিত নতুন কর্মী নিয়োগ চুক্তিটি দ্রুত সৌদি সরকারের অনুমোদনেরও আহ্বান জানানো হয়।

দুই দেশের মধ্যে কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও কল্যাণ বিষয়ক আলোচনা এগিয়ে নিতে যৌথ টেকনিক্যাল কমিশনের সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে যৌথ উদ্যোগে ‘সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরা হয়, যেখানে আরবি ভাষা শিক্ষা, সৌদি আইন, সংস্কৃতি ও রীতিনীতি সম্পর্কে প্রশিক্ষণ এবং প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন দেওয়া হবে।

এছাড়া স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্যপ্রযুক্তি (আইটি) ও হসপিটালিটি খাতে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগ সহজ করতে কারিগরি, ভোকেশনাল ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির একটি কাঠামো (Framework) তৈরির প্রস্তাবও দেওয়া হয়।

বাংলাদেশের পক্ষ থেকে সময়মতো ওয়ার্ক পারমিট (ওয়ার্ক ভিসা) ও আকামা ইস্যু এবং নবায়ন নিশ্চিত করার পাশাপাশি, ওয়ার্ক পারমিটের বাড়তি ফি-র অজুহাতে কিছু নিয়োগকর্তার সৃষ্টি করা বিলম্ব নিরসনে সৌদি সরকারের সহযোগিতা কামনা করা হয়।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশি কর্মীরা সৌদি আরবের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন।

তিনি আরও বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি ভাষায় দক্ষ। তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দিয়ে সৌদি আরবের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ উপলক্ষে বাড়তে থাকা শ্রমিক চাহিদার কথা উল্লেখ করে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে নারী গৃহকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ আসন্ন পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সৌদি আরবের সফর জেলে আটক বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনার অনুরোধ জানান।

বাংলাদেশের প্রস্তাবের জবাবে ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা বলেন, স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি ও হসপিটালিটিসহ গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগে সৌদি আরব আগ্রহী। তিনি জানান, কর্মীদের অধিকার সুরক্ষায় ইতোমধ্যে ওয়েজ প্রটেকশন সিস্টেম এবং ইন্স্যুরেন্স ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

এছাড়া সফর জেলে আটক বাংলাদেশি কর্মীদের বিস্তারিত তথ্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো হলে সাধারণ ক্ষমার বিষয়টি সৌদি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও তিনি আশ্বাস দেন।

গুরুত্বপূর্ণ এ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে বৈধ থাকার সুযোগ, সৌদি প্রতিনিধিদলের সুখবর

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com