ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনা: ঢাকার একই পরিবারের ৩ জন নিহত, আহত ২

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে মক্কার পথে যাত্রাকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঢাকার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় পরিবারের কর্তা ও তাঁদের বড় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সৌদি আরবে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তানিয়া তাহমিনা রিনা, তাঁর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কন্যা সাদাফ শাফিকুল ইসলাম এবং ছোট ছেলে জারগিস ইসলাম। তাঁদের বাড়ি ঢাকার শেরেবাংলা নগর থানার নর্থ শ্যামলীর ২ নম্বর রোড এলাকায়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরিবারটি ব্যক্তিগত গাড়িতে করে রিয়াদ থেকে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা দেন। পথে তাঁদের বহনকারী গাড়িটি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তানিয়া তাহমিনা রিনা, তাঁর মেয়ে সাদাফ ও ছেলে জারগিস ইসলামের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত তানিয়া তাহমিনা রিনার স্বামী শাফিকুল ইসলাম এবং তাঁদের বড় ছেলে। তাঁদের সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে নর্থ শ্যামলী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
এ ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।





