কনস্যুলার সেবা নিতে খোলা আকাশের নিচে রাত কাটালেন প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবের মদিনা ও আশপাশের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা দিতে দুই দিনের বিশেষ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার একটি কনস্যুলার টিম। তবে কাঙ্ক্ষিত সেবা পেতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শত শত প্রবাসীকে খোলা আকাশের নিচে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকেই মদিনার নির্ধারিত সেবাকেন্দ্রে জড়ো হতে শুরু করেন শত শত বাংলাদেশি প্রবাসী। শুক্রবার ও শনিবার অনুষ্ঠিতব্য বিশেষ কনস্যুলার সেবায় আগে সিরিয়াল নিশ্চিত করতে অনেকেই রাতভর খোলা আকাশের নিচে অবস্থান করেন।
সেবা প্রত্যাশীরা জানান, নির্ধারিত সিরিয়াল অনুযায়ী সেবা পেতে আগের দিন থেকেই এসে অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না। কেউ ডিউটি শেষ করে সরাসরি এসেছেন, আবার কেউ দূর-দূরান্তের শহর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপস্থিত হয়েছেন।
অভিযোগ রয়েছে, অপেক্ষমাণ প্রবাসীদের জন্য পর্যাপ্ত আলো, ছায়া, বিশুদ্ধ খাবার ও পানির ব্যবস্থা ছিল না। এমনকি প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধারও অভাব ছিল। এরপরও কাঙ্ক্ষিত সেবা পাওয়ার আশায় পুরো রাত অপেক্ষা করেছেন তারা।
এই বিশেষ কনস্যুলার ক্যাম্পে ই-পাসপোর্টের আবেদন, প্রবাসী কল্যাণ কার্ড, সোনালী ব্যাংকে হিসাব খোলা, দেশে ফেরার জন্য আউটপাসসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।
প্রবাসীদের প্রশ্ন, বিপুলসংখ্যক সেবা প্রত্যাশীর কথা বিবেচনায় রেখে আরও বড় ও সুসংগঠিত স্থান নির্বাচন করা কিংবা তাদের জন্য ন্যূনতম মানবিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা কি সম্ভব ছিল না?
তাদের দাবি, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্সযোদ্ধাদের জন্য সম্মানজনক ও সুশৃঙ্খল পরিবেশে কনস্যুলার সেবা নিশ্চিত করা সময়ের দাবি।
প্রবাসীদের অভিযোগ, কনস্যুলার সেবা কার্যক্রম আরও পরিকল্পিতভাবে পরিচালনা করা হলে দীর্ঘ লাইনে রাত কাটানো, ভোগান্তি ও বিশৃঙ্খলা অনেকটাই কমানো সম্ভব হতো। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে আছেন তারা।
প্রবাসীদের ভোগান্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রচার করা হবে।





