ঢাকা বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ দুজন আটক, একজন বেবিচকের কর্মচারী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে ৭৬১ গ্রাম (৬৫.২ ভরি) স্বর্ণালঙ্কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটকরা হলেন মো. কবির হোসেন ও কুদ্দুছ। তাদের মধ্যে কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত।
এপিবিএন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টা ২২ মিনিটে বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল-১ এর সামনে কবির হোসেন গোপনে কুদ্দুছের হাতে একটি ছোট ব্যাগ দেন। এ সময় উপস্থিত যাত্রীদের সন্দেহ হলে হৈচৈ শুরু হয়। পরে টহল পুলিশ এসে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, স্বর্ণগুলো বিদেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে আনা হয় এবং শুল্ক ফাঁকি দিয়ে দেশে সরবরাহের পরিকল্পনা ছিল। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত।
আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “চোরাচালান রোধে বিমানবন্দরে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”





