উমরাহ ভিসায় নতুন নিয়ম: এক বছরের মাল্টিপল এন্ট্রি, তবে মোট থাকা যাবে ৯০ দিন

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব উমরাহ ভিসা ব্যবস্থায় নতুন কিছু নিয়ম চালু করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে উমরাহ ভিসার মেয়াদ হবে এক বছর (৩৬৫ দিন) এবং এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। তবে পুরো মেয়াদে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে। এছাড়া দ্বিতীয়বার ও পরবর্তীবার সৌদিতে প্রবেশের ক্ষেত্রে Nusuk প্ল্যাটফর্মের মাধ্যমে নির্ধারিত উমরাহ সার্ভিস প্যাকেজ ক্রয় এবং উমরাহ পারমিট গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত এটি কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে প্রতিবার অবস্থানের সময় যোগ হয়ে মোট ৯০ দিন পূর্ণ হলে ওই ভিসায় আর সৌদিতে অবস্থান করা যাবে না।
উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ যদি প্রথমবার ২০ দিন, দ্বিতীয়বার ৩০ দিন এবং তৃতীয়বার ৪০ দিন অবস্থান করেন, তাহলে তার মোট ৯০ দিনের অনুমোদিত সময় শেষ হয়ে যাবে।
এদিকে প্রথমবার সৌদি আরব সফরের পর পুনরায় প্রবেশের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করা হয়েছে। শুধু বৈধ ভিসা থাকলেই হবে না; প্রতিবার পুনরায় প্রবেশের আগে Nusuk অ্যাপ বা প্ল্যাটফর্মের মাধ্যমে একটি Umrah Service Package ক্রয় করতে হবে এবং Umrah Permit সংগ্রহ করতে হবে। অর্থাৎ, দ্বিতীয়বার এবং পরবর্তী প্রতিটি সফরের আগে এই দুটি প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক।
এছাড়া হজ মৌসুমে উমরাহ ভিসা ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ১ জিলকদ থেকে ১৩ জিলহজ্জ পর্যন্ত উমরাহ ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। কেউ যদি ওই সময়ের আগে থেকেই সৌদি আরবে অবস্থান করেন, তাহলে তাকে ১ জিলকদ শুরু হওয়ার আগেই দেশ ত্যাগ করতে হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজ মৌসুমে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার লক্ষ্যেই এসব নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।
সংক্ষেপে নতুন নিয়ম
- ভিসার মেয়াদ: ৩৬৫ দিন (১ বছর)
- প্রবেশের সুযোগ: একাধিকবার (Multiple Entry)
- মোট অবস্থানের সীমা: ৯০ দিন
- দ্বিতীয় ও পরবর্তী প্রবেশ: Nusuk-এর মাধ্যমে Umrah Service Package ক্রয় ও Umrah Permit বাধ্যতামূলক
- হজ মৌসুমে নিষেধাজ্ঞা: ১ জিলকদ থেকে ১৩ জিলহজ্জ পর্যন্ত উমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশ বা অবস্থান করা যাবে না।





