সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: লক্ষ্মীপুরের একই পরিবারের দুই সহোদর ভাই নিহত।

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের একই পরিবারের দুই সহোদর ভাই নিহত হয়েছেন।
নিহতরা হলেন সজীব ও সুজন। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে।
সহকর্মীদের বরাতে জানা যায়, গত ভোররাতে সৌদি আরবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় দুই ভাই গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।
দুই সহোদর ভাইয়ের আকস্মিক মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
স্থানীয় বাসিন্দারা জানান, সজীব ও সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সবার কাছে অত্যন্ত প্রিয় মানুষ। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং সেখানেই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
এই হৃদয়বিদারক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।
এলাকাবাসী মহান আল্লাহর দরবারে নিহত দুই ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দানের জন্য দোয়া করেছেন।





