বিশেষ সংবাদ

৫৫ দিন নোনা জলে: এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ, মানবপাচারের নির্মম সমুদ্রপথ!

সংগ্রাম কখনও শুধু শব্দ নয়, কখনও তা ৫৫ দিন ধরে নোনা জলে ভেসে থাকা এক মায়ের নিঃশব্দ কান্না, সন্তানের ভবিষ্যৎ বাঁচানোর মরিয়া চেষ্টা, আর জীবনের সব ভয়কে হার মানানো এক অদম্য সাহসের নাম।
আজ সকালে ঢাকার বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) এর ফোনে ছুটে গিয়ে দেখা হলো কক্সবাজারের রামু উপজেলার এক সংগ্রামী নারীর সঙ্গে। দুই সন্তানকে পাশে নিয়ে তিনি দেশে ফিরেছেন। চোখে ক্লান্তি, কণ্ঠে দীর্ঘশ্বাস, কিন্তু ভেতরে ছিল অবিশ্বাস্য শক্তি। দীর্ঘ সময় ধরে শুনলাম তার জীবনের এক ভয়াবহ অধ্যায় যা শুধু ব্যক্তিগত গল্প নয়, আমাদের সময়ের মানবপাচারের নির্মম বাস্তবতা। BRAC এর সহায়তায় নিরাপদে বাড়ি ফিরতে দেওয়া হয় পরিবহন সহায়তা।
আড়াই বছর আগে, ৫ বছরের সন্তানকে সঙ্গে নিয়ে তিনি যাত্রা করেছিলেন অনিশ্চিত এক সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে। কক্সবাজারের ইনানী উপকূল থেকে মাছ ধরার ট্রলারে ১৪২ জন মানুষ উঠেছিলেন। তাদের মধ্যে ৬০ থেকে ৭০ জন ছিলেন নারী ও শিশু। গভীর সমুদ্রে অপেক্ষমাণ বড় ট্রলারে তুলে দেওয়া হয় সবাইকে। গন্তব্য ছিল “স্বপ্নের মালয়েশিয়া”, কিন্তু বাস্তবে সেটি ছিল মৃত্যুর ফাঁদ।
মাঝ সাগরে ট্রলার বিকল হয়ে যায়। চারপাশে শুধু পানি, অনিশ্চয়তা, ক্ষুধা, আতঙ্ক, আর মৃত্যু দেখার অপেক্ষা। দিন গড়ায়, রাত নামে, আবার সূর্য ওঠে এভাবে কেটে যায় ৫৫ দিন। নোনা জল, সীমিত খাবার, অসুস্থ শিশু, আর প্রতিটি মুহূর্তে মৃত্যুভয়। কতজন নিখোঁজ হয়েছেন, কতজন হারিয়ে গেছেন তার কোনো সঠিক হিসাব আজও নেই।
শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার কোস্ট গার্ড তাদের উদ্ধার করে। সেখানেই কাটে সাত মাসের অনিশ্চিত জীবন। পরে আবারও সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সহায়তায় তিনি পৌঁছান মালয়েশিয়ায়, যেখানে তার স্বামী আগে থেকেই ছিলেন। স্বামীও ছয় বছর আগে একই বিপজ্জনক সমুদ্রপথে পাড়ি দিয়েছিলেন। পরে সেখানে জন্ম নেয় আরেক সন্তান।
কিন্তু স্বপ্নের দেশে টিকে থাকার লড়াইও সহজ ছিল না। দারিদ্র্য, অনিশ্চয়তা, বৈধতার সংকট, সন্তানদের ভবিষ্যৎ—সবকিছুর সঙ্গে যুদ্ধ করে একসময় হার মানতে হয়। অবশেষে আজ তিনি দুই সন্তানকে নিয়ে দেশে ফিরেছেন।
এই নারী শুধু একজন ফেরত আসা অভিবাসী নন, তিনি মানবপাচারের ভয়াবহতা থেকে বেঁচে ফেরা এক জীবন্ত সাক্ষী। তার গল্প আমাদের বিবেককে প্রশ্ন করে, কেন মানুষ এখনো জীবন বাজি রেখে সমুদ্রপথে পাড়ি দেয়? কেন নিরাপদ অভিবাসনের পথ সবার জন্য নিশ্চিত হয় না? কেন এখনো পাচারকারীরা মানুষের স্বপ্নকে পুঁজি করে মৃত্যুর ব্যবসা চালায়?
সমুদ্রপথে মানবপাচার বন্ধে রাষ্ট্র, আইনশৃঙ্খলা বাহিনী, আন্তর্জাতিক সংস্থা, সিভিল সোসাইটি এবং স্থানীয় কমিউনিটিকে একসাথে কাজ করতে হবে। সচেতনতা, নিরাপদ অভিবাসন ব্যবস্থা, সীমান্ত নজরদারি, পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সারভাইভারদের পুনর্বাসন এখন সময়ের দাবি।
কারণ প্রতিটি সংখ্যা একটি মানুষ। প্রতিটি নিখোঁজের পেছনে আছে একটি পরিবার। আর প্রতিটি বেঁচে ফেরা মানুষ আমাদের সামনে রেখে যায় এক কঠিন প্রশ্ন আর কত?

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

৫৫ দিন নোনা জলে: এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ, মানবপাচারের নির্মম সমুদ্রপথ!

০১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com