বিশেষ সংবাদ
তাদের ত্যাগ,আমাদের গৌরব : প্রবাসীদের মর্যাদাপূর্ণ শেষ বিদায় নিশ্চিত করুন !

দুবাইয়ে ১২ বছর শ্রম দিয়ে যখন নূরুল ইসলামের কফিন দেশে ফিরল, তখন তার ছোট মেয়ে লামিয়া কাঁদতে কাঁদতে বলছিল, “আব্বু ঈদের জামাটা এবার কিনে দেবে তো?” এই একটুখানি প্রশ্ন কেবল একটি শিশুর নয়, এটি গোটা জাতির বিবেকের কাছে তোলা এক অমোচনীয় প্রশ্ন। কারণ বিমানবন্দরের কার্গো এপ্রোনে পড়ে থাকা সেই কফিন গার্মেন্টস মালামালের ভিড়ে হারিয়ে যায় — আমাদের চোখে জল আসে না, আমাদের বিবেকে আঘাত লাগে না। কারণ এই রেমিট্যান্স যোদ্ধারা আমাদের কাছে শুধুই একটি সংখ্যায় পরিণত হয়েছে।
একটি অদৃশ্য যুদ্ধের কফিন:
সরকারি তথ্য অনুসারে, ২০২০ থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত দেশে ফিরেছে ২০ হাজারেরও বেশি প্রবাসীর মরদেহ। কেবল ২০২৫ সালের এপ্রিল পর্যন্তই ফিরেছেন ১,৫৭৮ জন। আগের বছরগুলোতেও সংখ্যাগুলো হৃদয়বিদারক—২০২৪ সালে ৪,৮১৩ জন, ২০২৩-এ ৪,৫৫২ জন, ২০২২-এ ৩,৯০৪ জন, ২০২১-এ ৩,৮১৪ জন এবং ২০২০ সালে ৩,১৪০ জন। মনে হয় যেন কোনো অদৃশ্য যুদ্ধে শহিদদের কফিন দেশে ফিরে আসছে একের পর এক। কিন্তু এই মৃত্যুদের প্রকৃত কারণ কী? অতিরিক্ত কাজের চাপ? গরমে হিট স্ট্রোক? সঠিক চিকিৎসার অভাব? কারা দায়ী? কেন এই মৃত্যুগুলো তদন্ত হয় না?
ঘাম, ত্যাগ ও গর্বের নাম প্রবাসী:
বাংলাদেশের অর্থনীতির এক অনন্য স্তম্ভ হলো এই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ বৈধ পথে প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জন করেছে। এটি কেবল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায়নি, বরং গ্রামীণ অর্থনীতিকে করেছে প্রাণবন্ত, কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, লাখো পরিবারকে দারিদ্র্যসীমার বাইরে এনেছে।
তবে তারা শুধু টাকা পাঠান না, পাঠান স্বপ্ন। সন্তানের মুখে হাসি ফোটাতে, বাবার চিকিৎসা চালাতে কিংবা জমি কিনে ঘর তুলতে তারা মরুভূমির উত্তাপে খেটে মরেন। এই সব মানুষই নিঃস্বার্থভাবে দেশের জন্য নিবেদিত। কিন্তু মৃত্যুতে তাদের জন্য কিছুই থাকে না—না রাষ্ট্রীয় মর্যাদা, না সম্মানের বিদায়।
বিমানবন্দরের নির্লজ্জ দৃশ্য:
প্রবাসীদের মরদেহ যখন দেশে ফেরে, তখন তারা গার্মেন্টস মালামালের পাশে পড়ে থাকে অবহেলিত হয়ে। ঠেলাগাড়িতে করে কফিন ওঠানো হয় অ্যাম্বুলেন্সে। কোথাও নেই জাতীয় পতাকা, নেই সামান্য একটি স্যালুট, নেই একটি ছায়া দেওয়া ছাউনি। সরকারি কোল্ড স্টোরেজগুলোতে রাখা হয় মরদেহ এমনভাবে, যেন তারা কোনো মূল্যহীন বস্তু। অনেক সময় দীর্ঘ অপেক্ষার পর পরিবার কেবল একটি বডি ব্যাগ হাতে পায়, প্রিয়জনের চেহারাও আর দেখা সম্ভব হয় না।
যেসব পরিবারের সদস্যরা দূর-দূরান্ত থেকে আসেন কফিন নিতে, তাদের কষ্ট আরও সীমাহীন। বিমানবন্দরে দীর্ঘ অফিসিয়াল জটিলতা, দালাল চক্রের হয়রানি, অব্যবস্থাপনা তাদের মনোবল ভেঙে দেয়। রাতের বেলা কফিন গ্রহণের অপেক্ষায় থাকেন মৃত ব্যক্তির মা-বাবা কিংবা সন্তান—বুকে অশ্রু আর চোখে হতাশা নিয়ে।
আমরা কেন এতটা নিষ্ঠুর ?
এই মানুষগুলো তো কিছু বলার মতো অবস্থায় নেই, তারা তো আর অভিযোগ করতে পারে না। যারা বেঁচে থাকেন, তারা ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে সবকিছু মেনে নেন। হয়তো বলেন, “এভাবেই তো হয়।” কিন্তু প্রশ্ন হলো—এভাবে কেন হবে?
আমরা যদি রাষ্ট্র হিসেবে মর্যাদা দিতে না পারি, মানবিকতা তো দেখাতে পারি। আমরা যদি প্রতিটি কফিনে একটি জাতীয় পতাকা না জড়াতে পারি, একজন আনসার সদস্যের স্যালুট দিতে না পারি, তবে আমাদের মূল্যবোধ কোথায়?
আমার অভিজ্ঞতা: একজন অভিবাসী অধিকারকর্মীর কণ্ঠে ব্যথা:
আমি একজন মানব পাচার থেকে বেঁচে ফেরা ব্যক্তি, বর্তমানে একটি সারভাইভার নেতৃত্বাধীন সংগঠনের নেতৃত্বে কাজ করি। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত প্রবাস থেকে ফেরত আসা প্রায় ৩৪,০০০ অভিবাসীর পাশে দাঁড়িয়েছি—বিমানবন্দরে। আমি প্রায় প্রতিদিনই দেখি কফিন নামছে, কান্না ছড়াচ্ছে, কিন্তু রাষ্ট্র চুপ করে আছে।
অনেক কিশোরী দেখি বাবার কফিন জড়িয়ে কাঁদছে, স্ত্রী কাঁপতে কাঁপতে শুধু বলছে, “সে তো বলেছিল ঈদের আগে আসবে।” অনেক সময় দেখি, গ্রামের এক দরিদ্র বাবা ছেলের কফিন নিতে এসেছে, অথচ কাগজপত্রের জটিলতায় তার চোখে অন্ধকার নেমে এসেছে।
এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে—রাষ্ট্র যতো না উন্নয়নের কথা বলুক, প্রবাসীদের মর্যাদায় আমরা আজও শূন্যের কোঠায়।
সম্ভাব্য সমাধান: সম্মান, গতি ও স্বচ্ছতা:
এই অব্যবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের প্রয়োজন:
1. ডেডিকেটেড মরদেহ হ্যান্ডলিং ইউনিট – বিমানবন্দরে আলাদা ইউনিট যেখানে কফিনবন্দি মরদেহ সম্মানজনক পরিবেশে রাখা হবে। খোলা আকাশের নিচে নয়, সজ্জিত কক্ষ থাকবে, মর্যাদার সঙ্গে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
2. জাতীয় পতাকা ও স্যালুট – প্রতিটি প্রবাসীর মরদেহে জাতীয় পতাকা মুড়িয়ে, আনুষ্ঠানিকভাবে একজন আনসার সদস্যের স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো বাধ্যতামূলক করতে হবে।
3. ওয়ান-স্টপ সার্ভিস ডেস্ক – সকল প্রশাসনিক কাজ (পুলিশ, কাস্টমস, প্রবাসী কল্যাণ অফিস) যেন এক জায়গা থেকেই দ্রুত শেষ করা যায়।
4. মানবিক কোল্ড স্টোরেজ – উন্নত কোল্ড স্টোরেজ থাকতে হবে যাতে মরদেহ নষ্ট না হয়, পরিবারের সদস্যরা প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখতে পারেন।
5. আলাদা মরদেহ গেট – কার্গোর মালামালের ভিড়ে নয়, আলাদা গেট দিয়ে মরদেহ বের করে পরিবারের হাতে তুলে দিতে হবে।
জীবিত প্রবাসীদের জন্যও চাই ন্যায্যতা:
মরার পর নয়, জীবিত অবস্থাতেও আমাদের প্রবাসীরা সম্মানের দাবি রাখেন। তারা বিমানবন্দরে হয়রানির শিকার হন, হুন্ডির বিরুদ্ধে পদক্ষেপ না থাকায় বৈধ পথে টাকা পাঠাতে নিরুৎসাহিত হন, দক্ষতা উন্নয়নের কোনো ব্যবস্থা পান না। অনেকেই দেশে ফিরে নিজস্ব উদ্যোগে কিছু করতে চাইলেও পায় না কোনো সরকারি সহায়তা।
প্রস্তাবিত পদক্ষেপ:
রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো।
বৈধ হুন্ডির বিকল্প হিসেবে ডিজিটাল ব্যাংকিং ও মোবাইল মানি ব্যবস্থাকে শক্তিশালী করা।
প্রবাসী শিশুদের জন্য বিশেষ শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা।
দেশে ফেরার পর বিনিয়োগে প্রশিক্ষণ ও স্টার্টআপ সহায়তা।
রাষ্ট্রের দায় ও দায়িত্ব:
এই প্রবাসীরা আমাদের জাতির বীর। তারা বেঁচে থাকতে কষ্ট করেন, মরার পরেও সম্মান পান না। এই মানুষদের গল্প কখনও মিডিয়ার হেডলাইন হয় না, কখনও হয় না নীতিনির্ধারকদের আলোচনার বিষয়।
আমাদের দরকার একটি জাতীয় প্রেক্ষাপটে প্রবাসীদের মর্যাদার প্রশ্নটি নিয়ে আলোচনা করা। এই মৃত্যুদের কারণ অনুসন্ধানে স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করতে হবে। প্রবাসীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে আরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।
শেষ বিদায় যেন হয় মর্যাদায়:
আমরা চাই, প্রতিটি প্রবাসীর মৃত্যুর পর তারা অন্তত একটি সম্মানজনক বিদায় পান। একটি জাতীয় পতাকা, একটি স্যালুট, একটি মানবিক আচরণ—এইটুকু তো প্রাপ্য।
তারা কেবল ডলার পাঠান না, তারা আমাদের জাতিকে বাঁচিয়ে রাখেন। আসুন, দৃষ্টিভঙ্গি বদলাই। আসুন, তাদের জীবনে ও মৃত্যুতেও আমরা রাষ্ট্র হিসেবে পাশে দাঁড়াই।
লিখেছেন :
আল আমিন নয়ন
ম্যানেজার
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার
আল আমিন নয়ন
ম্যানেজার
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার





