রংপুরের তিনে তিন

জয়ের অর্ধেক কাজটা সেরেই রেখেছিলেন রংপুর রাইডার্সের বোলাররা। দেখার বিষয় ছিল কত দ্রুত বিপিএলে হ্যাটট্রিক জয় পাবে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা। সেই অপেক্ষার অবসান হয়েছে ৩০ বল হাতে রেখে রংপুরের ৮ উইকেটের জয়ে।
মিরপুরে ১২৫ রান তাড়ার শুরুটা অবশ্য ভালো ছিল না রংপুরের।
ফরচুন বরিশালের পেসার ইকবাল হোসেন ইমনের তোপে দলীয় ১৫ রানে ২ উইকেট হারায় তারা। অনূর্ধ্ব-১৯ দলের পেসারের সেই তোপ সামলিয়ে পরের গল্পটা দুই ব্যাটার সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের। তৃতীয় উইকেটে অপরাজিত ১১৩ রানের জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছেন দুজনে।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচে ফিফটির সম্ভাবনা জাগিয়েও না পাওয়া সাইফ আজ সেই আক্ষেপ ঘুচিয়েছেন।
এবারের বিপিএলের প্রথম ফিফটির ইনিংসটি খেলেছেন ৬২ রানের। ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৩ ছক্কায়। অন্যদিকে ৪৯ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের সাবেক ওপেনার হেলস। তার ইনিংসে ৪ চারের বিপরীতে ছয় ৩টি।
হ্যাটট্রিক জয়ে শীর্ষস্থানটাও আরো মজবুত করেছে রংপুর। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে তারা। ৬ পয়েন্টে তালিকার রাজত্ব তাই তাদের হাতেই। এখন পর্যন্ত আর কোনো দলই ৪ পয়েন্ট পায়নি। ঢাকা, সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম কিংস তো এখন কোনো পয়েন্টই পায়নি।





