প্রবাস

দেশে ফিরেই অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন প্রবাসী

রাজধানীর কাকরাইল এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন মো. আক্কাস আলী (৩৮) নামের এক মালয়েশিয়া ফেরত যুবক। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনার পর অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা আলিমুজ্জামান নামের এক পথচারী জানান, কাকরাইল মোড়ে এই ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে থাকলে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রথমে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) পাঠায়। পরে তাকে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, এই ব্যক্তি আজই মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন। তার কাছে একটা পাসপোর্ট পাওয়া গেছে। এটি পুলিশের কাছে রয়েছে। তিনি সেই দেশ থেকে যেসব মালামাল নিয়ে এসেছিলেন কিছুই পাওয়া যায়নি, সব হারিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, কাকরাইল এলাকা থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে থাকলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে তাকে মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। তার কাছে কী পরিমাণ মালামাল ও টাকা-পয়সা ছিল এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। বিষয়টি আমরা থানাকে জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button