সৌদি প্রবাসীদের জন্য আল আয়াত রয়েল ইভেন্টের জমকালো আয়োজন
তায়েফে ১০ সেপ্টেম্বর ‘প্রবাসীদের মিলনমেলা ও কনসার্ট

জেদ্দা, সৌদি আরব: জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার দূরে সৌদি আরবে কর্মরত রয়েছেন প্রায় ৩০ লাখ বাংলাদেশি। কর্মব্যস্ত প্রবাসজীবনে বিনোদনের সুযোগ সৃষ্টি এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে এবার সৌদি আরবের তায়েফে আয়োজন করা হচ্ছে ‘প্রবাসীদের মিলনমেলা ও কনসার্ট’।
সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের নিবন্ধিত বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আল আয়াত রয়েল ইভেন্ট কোম্পানি আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তায়েফে এ আয়োজন করতে যাচ্ছে।
একসময় সৌদি আরবে কর্মজীবনের বাইরে প্রবাসী ও অভিবাসীদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠানের সুযোগ ছিল সীমিত। ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ অনুষ্ঠান আয়োজন করলেও সেসব আয়োজনের অনেক ক্ষেত্রেই আইনগত বৈধতা ছিল না। তবে গত কয়েক বছরে সৌদি সরকারের উদ্যোগে বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটেছে। সৌদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ফলে দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরা নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশি প্রবাসীদের জন্য তায়েফে এই মেগা কনসার্টের আয়োজন করছে আল আয়াত রয়েল ইভেন্ট কোম্পানি।
এ উপলক্ষে গতকাল জেদ্দার আল আয়াত রেস্টুরেন্টে আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আল আয়াত রয়েল ইভেন্ট কোম্পানির সিইও ইরতেজা কাদের উজ্জ্বল বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ ও প্রসারিত করার পাশাপাশি সৌদি আরবে বসবাসরত ৩০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বিনোদনের সুযোগ সৃষ্টি করাই তাদের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, তায়েফের আয়োজনের পর সৌদি আরবের অন্যান্য বড় শহরেও আরও বৃহৎ পরিসরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে জেদ্দা, রিয়াদ ও দাম্মামে বাংলাদেশ থেকে জনপ্রিয় শিল্পীদের এনে সংগীত পরিবেশনের মাধ্যমে সৌদি আরবের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে চান তারা।
তিনি আরও বলেন, সৌদি সরকারের প্রচলিত আইন ও নিয়মনীতি মেনেই এসব মেগা কনসার্ট আয়োজন করা হচ্ছে।
কোম্পানির ইভেন্ট ম্যানেজার আকিলা হাসান ও অপারেশন ম্যানেজার ফাহিম হাসান জানান, আগামী ১০ সেপ্টেম্বর তায়েফে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানটি হবে কোম্পানিটির প্রথম আয়োজন। এতে বাংলাদেশ থেকে আগত বাউল শিল্পী গামছা পলাশ, পারভেজ খান, নাজমা সুইটি ও বিউটি খান ছাড়াও স্থানীয় প্রবাসী বাংলাদেশি শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানকে কেন্দ্র করে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আজিজা আব্দুল গফুর বলেন, “এই আয়োজন প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের জন্য। তাদের সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে আমরা অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়ন করতে চাই। ভবিষ্যতে পুরো সৌদি আরবজুড়ে আরও বড় পরিসরে মেগা কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
সংবাদ সম্মেলনে কোম্পানির উপদেষ্টা ও প্রবাসী সাংবাদিক হানিস সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে অনুষ্ঠানটির প্রচার এবং আল আয়াত রয়েল ইভেন্ট কোম্পানির কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এদিকে তায়েফের ‘প্রবাসীদের মিলনমেলা ও কনসার্ট’-এর টিকিট ইতোমধ্যে Webook ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে উন্মুক্ত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সাধারণ টিকিটের মূল্য ২৫ সৌদি রিয়াল এবং ভিআইপি টিকিটের মূল্য ১১৫ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে।
এছাড়া জেদ্দার আল আয়াত রেস্টুরেন্ট থেকেও সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে।
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে—
০৫০৪৫৫৭১৯১
০৫০৯১৪২৫৭৭





