বিশেষ সংবাদ

প্রবাসে মৃত্যুর পর মরদেহ দেশে আনার প্রক্রিয়া: আবেদন থেকে আর্থিক সহায়তা—যা জানা জরুরি

সাইফুল রাজিব,ঢাকা: বিদেশে কর্মরত কোনো বাংলাদেশি কর্মীর মৃত্যু হলে মরদেহ দেশে আনার প্রক্রিয়া নিয়ে অনেক পরিবারই দুশ্চিন্তায় পড়েন। তবে নির্ধারিত নিয়ম অনুসরণ করলে তুলনামূলক সহজেই মরদেহ দেশে আনা সম্ভব। একই সঙ্গে সরকারি আর্থিক সহায়তাও পাওয়া যায়।

জানা গেছে, মৃত্যুর খবর পাওয়ার পর প্রথমেই খোঁজ নিতে হবে মরদেহটি কোন হাসপাতালে রাখা হয়েছে। পাশাপাশি এমন একজনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, যিনি সংশ্লিষ্ট হাসপাতাল, কফিল বা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে মরদেহ পাঠানোর বিষয়ে সঠিক তথ্য দিতে পারবেন।

এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের দুটি কপি প্রস্তুত করে মৃত ব্যক্তির পাসপোর্ট, ইকামা, ভিসা, ম্যানপাওয়ারসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। সব কাগজ না থাকলেও যেগুলো পাওয়া যায়, সেগুলোই জমা দেওয়া যাবে।

আবেদনপত্র দুটি নিজ জেলার জেলা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ (ডিইএমও) অফিসে জমা দিতে হবে। অফিস একটি কপি সংরক্ষণ করবে এবং অন্য কপিতে গ্রহণের সিল দিয়ে আবেদনকারীকে ফেরত দেবে। তবে দ্রুত প্রক্রিয়ার জন্য চাইলে সরাসরি ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া যেতে পারে।

আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বর সচল রাখতে হবে। কারণ প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের জন্য বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেট থেকে ওই নম্বরে যোগাযোগ করা হতে পারে।

এছাড়া আবেদন করার পরদিনই স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করে রাখা উচিত। ওয়ারিশ নির্ধারণের ক্ষেত্রে আইন অনুযায়ী মৃত ব্যক্তি বিবাহিত হলে তার স্ত্রী ও সন্তানরা ওয়ারিশ হিসেবে গণ্য হবেন। আর অবিবাহিত হলে বাবা ও মা ওয়ারিশ হবেন।

মরদেহ দেশে পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে মরদেহ পৌঁছানোর তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরের ৮ নম্বর গেটে উপস্থিত থাকতে হবে।

মরদেহ গ্রহণের সময় আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, ওয়ারিশ সনদ এবং ওয়ারিশদের এনআইডির ফটোকপি সঙ্গে রাখতে হবে। মরদেহ আবেদনকারীর নামেই হস্তান্তর করা হবে। তবে সরকারি আর্থিক সহায়তা পাবেন কেবল আইনগত ওয়ারিশরা।

মরদেহ গ্রহণের দিন বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন প্রবাসী কল্যাণ ডেস্কে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে দাফন-কাফনের ব্যয় নির্বাহের জন্য ওয়ারিশের নামে ৩৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়। এই অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা করে উত্তোলন করা যায়।

এছাড়া মরদেহ দাফনের প্রায় ২ থেকে ৩ মাসের মধ্যে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ জন্য ঢাকায় যাওয়ার প্রয়োজন নেই। মরদেহ গ্রহণের ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য ওয়ারিশকে জানানো হয়। নির্ধারিত কাগজপত্র জেলা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ অফিসে জমা দিলে প্রায় ৯০ দিনের মধ্যে টাকা ব্যাংক হিসাবে পাঠানো হয়।

এছাড়া মৃত ব্যক্তি যদি ২০২০ সালের পর কর্মী ভিসায় সৌদি আরবে গিয়ে থাকেন এবং প্রযোজ্য বীমা সুবিধার আওতায় থাকেন, তাহলে জীবন বীমা সুবিধা হিসেবে আরও ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে মোট আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াতে পারে ১৩ লাখ ৩৫ হাজার টাকা। তবে ২০২০ সালের আগে কর্মী ভিসায় সৌদি আরবে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে এই বীমা সুবিধা প্রযোজ্য নাও হতে পারে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব আর্থিক সহায়তা বাংলাদেশ সরকার কর্মী ভিসায় বিদেশগামী নিবন্ধিত কর্মীদের জন্য প্রদান করে। ভিজিট, ওমরাহ, হজ বা ট্যুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে মৃত্যুবরণ করলে এই সুবিধা সাধারণত প্রযোজ্য হয় না।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

প্রবাসে মৃত্যুর পর মরদেহ দেশে আনার প্রক্রিয়া: আবেদন থেকে আর্থিক সহায়তা—যা জানা জরুরি

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com