বিশেষ সংবাদ

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন

দীর্ঘ সাত বছর ইতালিতে প্রবাস জীবন কাটিয়ে পরিবারের কাছে ফিরছিলেন মৌলভীবাজারের ফখরুল ইসলাম। কিন্তু প্রিয়জনদের সঙ্গে আর দেখা হলো না তার। দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে জর্জিয়ায় জরুরি অবতরণ করানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সোমবার (১৩ জুলাই) জর্জিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ফখরুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ইতালিতে বসবাস ও কর্মজীবন শেষে ফখরুল ইসলাম তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরছিলেন। যাত্রাপথে বিমানের মধ্যেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে বিমানটি জর্জিয়ায় জরুরি অবতরণ করে। সেখানে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফখরুল ইসলামের মামা লাল মিয়া জানান, সোমবার রাতেই তারা জর্জিয়া থেকে মৃত্যুর খবর পান। বর্তমানে মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি এ বিষয়ে সরকার বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।

ফখরুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই মহুবন্দ গ্রামজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। পরিবারের স্বপ্ন পূরণে বছরের পর বছর প্রবাসে কঠোর পরিশ্রম করা এই রেমিট্যান্স যোদ্ধার নিথর দেহই এখন ফিরছে জন্মভূমিতে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন

১৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com