রাজনীতি

রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয় : হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়কে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় বলে উল্লেখ করেছেন ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এই পরাজয়কে নিছক সময়ের কাছে হার বলে বিবেচনা করেন হামিম।

ফেসবুক পোস্টে হামিম বলেন, ‘আমি খুব সাধারণ একজন মানুষ।

হাসি-খুশি তবে সংগ্রামী। জনাব তারেক রহমান ও ছাত্রদল নেতৃবৃন্দ আমাকে সম্মানিত করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদল থেকে জিএস প্রার্থী করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে প্রকাশ‍্যে গ্রহণ করেছিলেন, আমার ওপর আস্থা রেখেছেন সেটিও ফলাফলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। আমি দুঃখ প্রকাশ করছি জনাব তারেক রহমান ও ঢাবি শিক্ষার্থীদের কাছে।

তিনি আরো বলেন, ‘ব‍্যক্তিগত জীবনে অনেক হেরেছি, রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়। যদিও এ পরাজয় ভাগ‍্যের কাছে, পরিবেশ ও পরিস্থিতির কাছে এবং নিছক সময়ের কাছে। সারা দেশের মানুষের কত দোয়া। নিশ্চয়ই সে দোয়া ব‍্যর্থ হবে না।

ছাত্রদলের এই নেতা আরো বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ আমার মনের খবর জানতেন, এতটা সহীহ চিন্তা-ভাবনা থাকার পরেও কেন তাকদিরে এই পরাজয় রেখেছিলেন জানি না। আমি চিরকৃতজ্ঞ এই দলের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে, আমার বিশ্ববিদ্যালয় আদর্শিক অগ্রজদের নিকট আমার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, বিশেষ করে জনাব তারেক রহমান সাহেবের কাছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেসব শিক্ষার্থীর কাছে, যারা আমার জয় নিশ্চিত ভেবেছিলেন এবং বিশেষ করে সেসব শিক্ষার্থীর কাছে, যারা মনে করেননি আমি তাদের জন‍্য যোগ‍্য!’

ডাকসুর চূড়ান্ত ঘোষিত ফলে জিএস পদে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের এস এম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামিম পাঁচ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button