ভালো নেই সৌদি প্রবাসীরা,আতঙ্কে স্বজনরা!

সাইফুল রাজীব,ঢাকা :মধ্যপ্রাচ্যর দেশ সৌদি আরব,এটি এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার,দেশটিতে বৈধ অবৈধ মিলে ত্রিশ লাখের অধিক বাংলাদেশী কর্মী বিভিন্ন পেশায় নিয়োজিত।
দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো দেশগুলোর তালিকার সব সময় শীর্ষে অবস্থান করেন সৌদি আরবে কর্মরত প্রবাসীরা।
কিন্তু কিছুদিন ধরে ভালো নেই দেশটিতে থাকা বাংলাদেশী কর্মীরা,আতঙ্কে কাটছে তাদের দিন রাত,তাদের চিন্তায় ভালো নেই দেশে থাকা তাদের স্বজনরা।
সবশেষ কয়েকমাস ধরে দেশটিতে বাংলাদেশী কর্মী অপহরণের খবর পাওয়া যাচ্ছে,বীভৎস নির্যাতনের ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে,মুক্তিপনের বিনিময়ে প্রাণে বেঁচে এসে ভুক্তভুগীরা জানাচ্ছেন নির্মম নির্যাতনের কথা।
অপহরণকারীদের কাছ থেকে মুক্ত হয়ে আসা কয়েকজনের তথ্য মতে এই অপহরণকারী চক্রের সদস্যরা ও বাংলাদেশী কর্মী,শুধুমাত্র মোটা অংকের মুক্তিপনের টাকার জন্যই তারা অপহরণ করেন।
তাদের টার্গেটের শীর্ষে রয়েছে গাড়ি চালক কর্মীরা,মূলত যাত্রী সেজে গাড়িতে উঠে শহরের বাহিরে নির্জন স্থানে নিয়ে গিয়ে অপহরণ করা হয়,এরপর অজ্ঞাত স্থানে রেখে মুখ হাত পা বেঁধে উলঙ্গ করে কয়েকজন মিলে মারধর করা হয়,একই সময় চক্রের অন্য সদস্যরা ভিডিও ধারণ করেন,পরবর্তীতে সেই ভিডিও অপহরের শিকার হওয়া ব্যক্তির মোবাইল থেকে পরিবারের স্বজনদের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়।
অভাবের তাড়নায় প্রবাসে যাওয়া পরিবারের উপজ্জনক্ষম মানুষটির এমন আর্তনাদ দেখে ধারদেনা করে টাকা পাঠিয়ে কয়েকজনকে মুক্ত করেছে পরিবার,রিপোর্টটি লেখা পর্যন্ত এখনো একাধিক প্রবাসী কর্মী অপহরণকারীদের জিম্মায় রয়েছেন বলে খবর পাওয়া গেছে,যাদের খোঁজ এখনো পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত চক্রের দুই তিন জন সদস্য সৌদি পুলিশের হাতে গ্রেফতারের খবর পাওয়া গেছে,তবে এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছেন চক্রের মূল হোতারা।
বেশ কয়েকজন সৌদি প্রবাসীর সাথে কথা বলে জানা যায় তারা আতংকের মধ্যে দিন পার করছেন,ভয়ে আছে কখন নিজেই অপহরণকারীদের শিকার হয়ে যান,বিশেষ করে দেশটিতে ড্রাইভিং পেশায় কর্মরত প্রবাসীরা বেশি ঝুঁকিতে রয়েছেন,তারা যাত্রী উঠতে ভয় পাচ্ছেন,যারা নিয়োগকর্তার বাহিরে নিজে গাড়ি কিনে যাত্রী সেবা দেন তাদের অনেকে গাড়ি নিয়ে বের হচ্ছেন না।
সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে এমন খবর দেখে ভয় ও আতংকে আছেন দেশে থাকা প্রবাসীর স্বজনরা।
এমন পরিস্থিতিতে দেশটিতে থাকা বাংলাদেশের দুটি মিশন বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা’র পক্ষ থেকে কোন বিজ্ঞপ্তি বিবৃতি বা সতর্কবার্তা পাওয়া যায়নি,এমন সংকটময় অবস্থায় দূতাবাস ও কনস্যুলেটের নীরব ভূমিকা দেখে হতাশ সৌদি প্রবাসীরা।
অভিবাসন বিশেষজ্ঞ ও প্রবাসীরা বলছেন দ্রুত সময়ে এই সংকট নিরসন না হলে শ্রম বাজার হারানোর শঙ্কা রয়েছে, তারা মনে করেন নিজ দেশের কর্মীরা এমন সংঘাত বা অপরাধমূলক কাজে জড়িয়ে দেশটির আইনশৃঙ্খলার অবনতি ঘটালে বাংলাদেশী কর্মীদের ভিসা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত ও নিতে পারে সৌদি সরকার।
তবে তারা এটিও ও বলছেন কর্মসংস্থানের অভাবে কতিপয় বাংলাদেশী কর্মীরা এই অপরাধমূলক কাজের সাথে নিজেদের জড়াচ্ছেন।
বাংলাদেশ থেকে প্রতিদিন গড়ে পাঁচ হাজার কর্মী নতুন ভিসায় সৌদি আরবে যাচ্ছেন,কিন্তু দেশটিতে থাকা প্রবাসী কর্মীরা বলছেন পুরোনো কর্মী যারা আছেন তারা অনেকেই কর্মহীন,নতুন কর্মীদের বেশিরভাগই যাওয়ার সাথে সাথে নিয়োগকর্তা ও কাজ না পেয়ে অবৈধ বা অনিয়মিত কর্মী হয়ে যাচ্ছেন।
দেশটিতে সৌদীকরণ নীতি বাস্তবায়নের সাথে সাথে বেশ কিছু পেশায় থাকা বাংলাদেশী কর্মীরা কর্মসংস্থান হারিয়েছেন,করোনার ভয়াল থাবায় বন্ধ হয়ে গেছে বেশ কিছু কোম্পানি ও প্রতিষ্ঠান,এছাড়া ও প্রতিবছর বৃদ্ধি করা হচ্ছে ইকামা নবায়ন ফি,যার ফলে প্রতিদিন অসংখ্য কর্মী কর্মহীন হয়ে পড়ছেন।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন রেমিটেন্সের আশায় শুধুমাত্র কর্মী পাঠিয়ে সংখ্যা বড় না করে বরং কর্মসংস্থান নিচ্চিত করতে হবে,কথিত ফ্রি ভিসা বন্ধে দূতাবাস কনস্যুলেট কে কঠোর হতে হবে,বাংলাদেশের অনুকূলে ইস্যুকৃত ভিসাগুলোর কোম্পানি বা নিয়োগকর্তার কাছে কাজ আছে কিনা,পূর্বের কর্মীরা নিয়মিত বেতন বা অন্যান সুবিধা পাচ্ছেন কিনা সেই খোঁজ রাখতে হবে,নিয়মিত কোম্পানিগুলোর ক্যাম্প পরিদর্শন করতে হবে,কর্মীরা কাজ পেয়েছে কিনা বাসস্থানের ব্যবস্থা হয়েছে কিনা,নিয়মিত বেতন পাচ্ছে কিনা সেই খোঁজ রাখতে হবে।
অন্যথায় চার পাঁচ লক্ষ টাকা দিয়ে সৌদি আরব গিয়ে কাজ বা নিয়োগকর্তার দেখা না পেয়ে অবৈধ হয়ে গেলে,ঋণের চাপ ও পরিবারের চাপে অসুস্থ হয়ে যাওয়া অকালে মুত্যুবরণ করা ও এমন অপরাধমূলক কাজে জড়িয়ে যাওয়ার ঝুঁকি থেকেই যাবে।





