ওয়ার্ক ভিসায় বিদেশগামীদের জন্য বিশেষ ভাড়ার ব্যবস্থা করতে নির্দেশ

ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক ও কর্মীদের জন্য উড়োজাহাজে বিশেষ ভাড়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিনের সই করা এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়। এতে, টিকিট বিক্রির প্রকৃত মূল্য ওয়েবসাইটে প্রকাশ করে জনগণকে জানাতে এজেন্সি ও এয়ারলাইনসকে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনস এবং ট্রাভেল এজেন্সিসমূহ ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক ও কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করবে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমানোর জন্য আগামী সাত দিনের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সকল এয়ারলাইনস ও বোর্ড অব এয়ারলাইনস রিপ্রেজেন্টেটিভস (বিএআর) পদক্ষেপ গ্রহণ করবে।
এছাড়াও গ্রুপ-বুকিংয়ে উড়োজাহাজের প্রকৃত ভাড়া টিকিট বিক্রির সাথে সাথে প্রকৃত বিক্রয়মূল্য জানাতে এয়ারলাইনস ও ট্রাভেল এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে পরিপত্রে। এতে বলা হয়, গ্রুপ-টিকিটসহ যেকোনো টিকিট বুকিংয়ের জন্য কালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিংয়ের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে এয়ারলাইনস স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিল করবে।
পরিপত্রে বলা হয়, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এয়ারলাইনস ও ট্রাভেল এজেন্সি গ্রুপ-বুকিংয়ের মাধ্যমে ব্লককরা টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করবে। না হলে পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইনস টিকিটগুলো স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল করবে।





