রাজনীতি

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ: রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় মো. সহিদুজ্জামান রাজা (৩৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


সহিদুজ্জামান রাজা রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মোল্লার ছেলে।


জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।

মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, কাজী ইরাদত আলীর ছেলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রকিবুল হাসান শান্তনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়।
এ ছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

সদর উপজেলার মাটিপাড়ার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে ও রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র রাজিব মোল্লা মামলার এজাহারে উল্লেখ করেন, রাজবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনকে নসাৎ করার জন্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়।

গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। বিকেলে উল্লেখিত এজাহারনামীয় আসামিরা তাদের সঙ্গীদের সঙ্গে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।
 
সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর নির্দেশে এজাহারনামীয় আসামিরা তাদের সঙ্গীদের সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে ও গুলি করে। এ ছাড়া আন্দোলনকারীদের বেধড়ক মারধর করে গুরুতর জখম করা হয়।

আসামিরা আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে দেননি। আসামিদের আক্রমণে সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ অসংখ্য আন্দোলনকারী আহত হন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘রাজিব মোল্লার দায়ের করা মামলায় আসামি হিসেবে বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান রাজাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উড়াকান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ: রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৫ নভেম্বর ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com