কমলাপুর স্টেশনের ডিজিটাল স্ক্রিনে লেখা ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’

এ ঘটনার একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে কোনো যাত্রী এ ভিডিওটি করেছেন। ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্রবেশ ও বাহির পথে যাত্রীদের বিভিন্ন তথ্য দেওয়ার জন্য লাগানো ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভাসছে। এ স্ক্রিনে সাধারণত যাত্রীদের স্বাগতম জানানোসহ বিভিন্ন তথ্য প্রদর্শিত হয়।
ঢাকা রেলওয়ে স্টেশনের একটি সূত্র জানায়, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রিনে প্রদর্শিত হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর স্ক্রিন দুটি বন্ধ করে দেওয়া হয়।
আরেকটি সূত্র জানায়, এ স্ক্রিন অপারেশনের দায়িত্বে রয়েছে রেলওয়ে ডিভিশনাল ইলেকট্রিক বিভাগ। আর এ বিভাগের দায়িত্বে রয়েছেন সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোবাররক। তার সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলে তিনি পরে কথা বলবেন বলে এড়িয়ে যান।
রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল ৯টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। কেউ কেউ বলছেন, ভোর থেকেই স্ক্রিনে এমন লেখা দেখা গেছে। সকাল ৯টা ৫১ মিনিটে আমরা স্ক্রিন দুটি বন্ধ করি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।





