রাজনীতি

রাজনীতি সংস্কারে ছাত্র-জনতাকে নিয়ে কাজ করবে গণঅধিকার পরিষদ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, আহত ও নিহতদের স্মরণে দোয়া ও স্মারন সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ,ঢাকা মহানগর উত্তর। আজ শুক্রবার বিকাল ৩ টায় উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংহতি জানিয়ে শহীদ পরিবারের অনেকেই বক্তব্য রাখেন। এসময় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ” গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা এই সরকারকে ক্ষমতায় বসালেও আড়াই মাসেও এখনো পর্যন্ত আহতদের সুচিকিৎসা ও শহীদ পরিবারকে সেভাবে সহযোগিতা করতে পারে নাই। অথচ এটি হওয়া দরকার ছিলো এই সরকারের প্রথম কাজ। দুঃখ হয় ,কষ্ট লাগে সরকারের প্রতি ক্ষোভ হয়। সরকারকে পরিষ্কার বলতে চাই ,আগামী ১ মাসের মধ্যে নিহত পরিবারকে ১ কোটি ও আহত পরিবারকে অর্ধ কোটি টাকা সহযোগিতা করতে হবে। প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে। জানি না কেন মুগ্ধর ভাই স্নিগ্ধকে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। শুনছি কতিপয় ছাত্রনেতার প্রভাবে সরকার-উপদেষ্টারা কাজ করতে পারছে না।

দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে ,লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে রক্ত দিয়েছে। কোন দলকে ক্ষমতায় বসাতে বা কাউকে নেতা বানাতে ছাত্র-জনতা রাস্তায় নেমে আসেনি। ১৫-২০ দিনে মেসি-রোনালদো
হওয়া যায় না। কতিপয় ছাত্র নেতাদের দ্বারা এতো প্রভাবিত হলে সরকারের ৬ মাস টেকা মুশকিল হয়ে যাবে। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, এই সরকার ব্যর্থ হলে দেশ আরেকটা সংকট ও বিপর্যয়ের মধ্যে পড়বে। সরকারকে বলবো রাষ্ট্র সংস্কার ও সরকারের স্থিতিশীলতার জন্য আন্দোলনকারী সকল দলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করুন। ভারত এখনোও তারা পোষা সরকারের পতন হজম করতে পারেনি। সমালোচনা করলেও আন্দোলন কিংবা চাপের মাধ্যমে সরকারকে সঠিক লাইনে রেখেই রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের মাধ্যমে আগামীর বাংলাদেশ বির্নিমানে ছাত্র-জনতাকে নিয়ে কাজ করবে গণঅধিকার পরিষদ।

দলের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা কিন্তু রয়ে গেছে। দেখেন পুলিশ, র‍্যাব, বিজিবির কেউ গ্রেফতার হচ্ছে না। এগুলো কিসের আলামত? আওয়ামীলীগ ও জাতীয় পার্টি যে অপরাধ করেছে, তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেনা। এই যে সরকার, তাদের তো জনগণ বসিয়েছে। কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণে জনগণকে কতটুকু সম্পৃক্ত করছে? আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য কোনকিছু তারা এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। এমনকি শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও পারেনি। রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দূরত্ব। তা কি করতে চাচ্ছে তা স্পষ্ট না। আমরা বলবো, রোডম্যাপ দিন, দলগুলোর মতামত নিন। অন্যথায় সফল হওয়া কঠিন হবে। রাষ্ট্র সংস্কার আপনাদেরকেই করতে হবে। সেটি না হলে এই স্বাধীনতা ২য় বারের মত ব্যর্থ হবে।

আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্রপতিকে নিয়ে জটিলতা। কিন্তু কেন আপনারা তার হাতে শপথ নিলেন, তখনই তো ভাবা দরকার ছিলো। কিন্তু সেটি না করে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আজকে সংকট সৃষ্টি করেছেন। জনগণকে অন্ধকারে রেখে রাষ্ট্র সংস্কার করা যায় না। ধোঁয়াশা দূর করে সব দলকে সাথে নিয়ে রাষ্ট্র চালান। দলগুলো যেভাবে গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে, তাদেরকে ঐক্যবদ্ধ রেখে কাজ করা আপনাদের দায়িত্ব।

গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহ সভাপতি রাকিবুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবির ইসলাম সবুজের সঞ্চালনায় আর বক্তব্য রাখেন,গণঅধিকার পরিষদের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম,যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি, শ্রমিক অধিকার পরিষদের আব্দুর রহমান, মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দীন, মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান প্রমুখ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

রাজনীতি সংস্কারে ছাত্র-জনতাকে নিয়ে কাজ করবে গণঅধিকার পরিষদ

২৫ অক্টোবর ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com