কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কুষ্টিয়া মেডিকেল কলেজে ক্যাম্পাস ও হলগুলোতে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এ ছাড়াও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরও প্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগস্ট) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। ভবিষ্যতে মেডিকেল কলেজের কোনো শিক্ষার্থী-শিক্ষকদের রাজনীতিতে সংশ্লিষ্টতার খোঁজ মিললে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে অধ্যক্ষ বরাবর ১২ দফা দাবি বাস্তবায়নের আবেদন জানানো হয়। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকা প্রসঙ্গে নবম থেকে ১৩তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা ও কুষমেকের সাধারণ শিক্ষার্থীদের ৬ দফার সঙ্গে একাত্মতা পোষণ করে ভোটের মাধ্যমে অভিমত দেন। সেখানে ৩৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫৪ জন ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ মতামত দেন।





